ভারতের মাটিতে সদ্যই শেষ হলো ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপ আসর। এ আসরে নিউজিল্যান্ড সেমিফাইনাল খেলেছে, আর বাংলাদেশ বিদায় নেয় রাউন্ড রবিন লিগ পর্ব থেকে। এবার দ্বিপক্ষীয় টেস্ট সিরিজে মুখোমুখি এই দুটি দেশ। আগামী মঙ্গলবার সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। ঢাকায় ৬ ডিসেম্বর থেকে দ্বিতীয় ও শেষ টেস্ট।
নিউজিল্যান্ড টেস্টের অন্যতম সেরা দল। তারা বর্তমানে র্যাংকিংয়ের পাঁচ নম্বরে, আর বাংলাদেশ রয়েছে নয় নম্বরে। মুখোমুখিতেও কিউইরা অনেক অনেক এগিয়ে। ওয়ানডেতে ৪২ ম্যাচের মধ্যে ১০টি জয় পেলেও তাদের সঙ্গে টেস্ট দ্বৈরথে বাংলাদেশের অভিজ্ঞতা মোটেও সুখকর নয়। ২০০১ সালে শুরু হওয়া এ দ্বৈরথে এখন পর্যন্ত ১৭ টেস্টের মুখোমুখিতে মাত্র একটি জয় পেয়েছে বাংলাদেশ। গত বছর জানুয়ারিতে মাউন্ট মঙ্গানুইতে ঐতিহাসিক এই জয় পায় বাংলাদেশ।
তার আগে ও পরে ১৩টি টেস্টে নিউজিল্যান্ডের কাছে হেরেছে বাংলাদেশ। আজ ১৮তম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। সিলেটে এই প্রথম টেস্ট খেলবে কিউইরা।
সব মিলিয়ে এটা হতে যাচ্ছে বাংলাদেশের ১৩৯তম টেস্ট ম্যাচ। এখন পর্যন্ত বাংলাদেশ ১০২টিতে হেরেছে, জিতেছে ১৮টি। এছাড়া টাইগাররা ড্র করেছে ১৮টি।
নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ এ সিরিজে বাংলাদেশ পাবে না অভিজ্ঞ ব্যাটার তামিম ইকবাল ও অলরাউন্ডার সাকিব আল হাসানকে। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন তামিম (৯০৮)। এর পরেই সাকিব (৭৬৩)। আবার কিউইদের বিপক্ষে উইকেট শিকারে সাকিব শীর্ষে (২৬)। দুজনই চোটজনিত কারণে এ সিরিজ খেলছেন না। উইকেটকিপার-ব্যাটার লিটন দাসও নেই। টেস্ট সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন বামহাতি ব্যাটার নাজমুল হোসেন শান্ত।










