আসাম রাজ্যের গুয়াহাটির
বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে আজ সোমবার ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ ওয়ার্মআপ ম্যাচে
টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ১৬
ওভারে ৩ উইকেটে ৭৮। মেহেদী হাসান মিরাজ ও মুশফিকুর রহিম শূন্য রানে অপরাজিত ছিলেন।
এ নিয়ে টানা দ্বিতীয় ওয়ার্মআপ
ম্যাচে ফিফটির সম্ভাবনা জাগিয়েছিলেন তানজিদ হাসান তামিম। যদিও ২২ বছর বয়সী বামহাতি
ব্যাটার ৪৪ বলে ৪৫ রান করে মার্ক উডের বলে বোল্ড হন। এই মাঠেই শ্রীলংকার বিপক্ষে প্রথম
ওয়ার্মআপ ম্যাচে তিনি করেছিলেন ৮৪ রান। আজ লিটন দাস (৫) ও নাজমুল হোসেন শান্ত (২) রান
পাননি।
বাংলাদেশ দলনায়ক সাকিব
আল হাসান চোটের কারণে প্রথম ম্যাচ খেলেননি। তার অনুপস্থিতিতে বাংলাদেশ দলকে নেতৃত্ব
দেন মেহেদী হাসান মিরাজ। আজ টস করতে নামেন নাজমুল হোসেন শান্ত। সাকিব অনুশীলনে ফুটবল
খেলার সময় চোট পান। তিনি আজ শুধু ব্যাটিং করবেন, নাকি পুরো ম্যাচে খেলবেন, সেই বিষয়টি
পরিষ্কার করেননি ভারপ্রাপ্ত অধিনায়ক শান্ত।
শান্ত অবশ্য জানালেন,
সাকিব ফিট আছেন। তার কথায়, ‘সাকিব শতভাগ ফিট এবং বিশ্বকাপের প্রথম ম্যাচের জন্য তৈরি।’
এই ম্যাচ নিয়ে তিনি বলেন, ‘গত ম্যাচে আমরা ভালো ক্রিকেট খেলেছি। মূল ম্যাচের আগে প্রস্তুত
গ্রহণের এটাই শেষ সুযোগ।’
এটা বাংলাদেশ ও ইংল্যান্ড
উভয় দলেরই দ্বিতীয় ও শেষ ওয়ার্মআপ ম্যাচ। বাংলাদেশ প্রথম ম্যাচে শ্রীলংকাকে ৭ উইকেটে
হারিয়েছে। আর ভারতের বিপক্ষে ইংল্যান্ডের ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যায়। ৫ অক্টোবর আহমেদাবাদের
নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে
ইংলিশরা। তার আগে প্রস্তুতির আজই শেষ সুযোগ জস বাটলারদের।










