টানা দুই জয়ে আগেই সিরিজ নিশ্চিত
করা বাংলাদেশের মেয়েরা তৃতীয় ও শেষ টি২০তে হারল। আজ রোববার চট্টগ্রামের জহুর আহমেদ
চৌধুরী স্টেডিয়ামে তাদের ৩১ রানে হারায় পাকিস্তানের মেয়েরা। এই জয়ে সিরিজটা ২-১
করল অতিথি দলটি।
আগে ব্যাটিং করে ৪ উইকেটে ১৩২
রান তোলে পাকিস্তান। ৪৯ বলে ৮ বাউন্ডারিতে ৬১ রানের দারুণ এক ইনিংস খেলে
পাকিস্তানকে লড়াই করার পুঁজি এনে দেন মুনিবা আলী। এছাড়া সাবেক অধিনায়ক মিসবাহ
মারুফ ৪৯ বলে ২ বাউন্ডারিতে ৪৮ রান করেন। এই দুজন ৮৮ বলে ১০৬ রানের জুটিতে হতাশ
করেন স্বাগতিক দলকে। ফারিহা তৃষ্ণা ৪ ওভারে ২১ রান দিয়ে ২ উইকেট নেন।
জবাব দিতে নেমে ২০ ওভারে ৯
উইকেটে ১০১ রান তুলতে সমর্থ হয় বাংলাদেশ। শামীমা সুলতানা সর্বোচ্চ ২৬ রান করেন।
এছাড়া শরিফা খাতুন ১৮ ও সোবহানা মোস্তারি ১৭ রান করেন। পাকিস্তানের সাদিয়া ইকবাল ও
আরিয়া রিয়াজ দুটি করে উইকেট নেন।
শনিবার ঢাকায় শুরু হবে দুই দলের
মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তিনটি ম্যাচই ঢাকার মিরপুর শেরেবাংলা
স্টেডিয়ামে।










