চলতি এশিয়া কাপ ক্রিকেটে আজ আরেকটি পাকিস্তান-ভারত মহারণ। গত শনিবার শ্রীলংকার পাল্লেকেলেতে গ্রুপ ম্যাচে মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। আজ লড়াই হবে সুপার ফোরের ম্যাচে। এশিয়া কাপে এটি হবে ভারত-পাকিস্তানের ১৮তম দ্বৈরথ। আর সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এটা দুই দেশের ২০৫তম লড়াই। বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় শুরু হবে হাইভোল্টেজ এ ম্যাচটি। 

এরই মধ্যে পাকিস্তান সুপার ফোর পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশকে সাত উইকেটে হারিয়েছে। তারা ২ পয়েন্ট তুলে নিয়েছে। অন্যদিকে, ভারত আজই প্রথম সুপার ফোরে প্রথম ম্যাচ খেলবে। এরপর তারা শ্রীলংকা ও বাংলাদেশের মুখোমুখি হবে। 

বৃষ্টির কারণে পাল্লেকেলেতে গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান ম্যাচ ফলহীন ছিল। আগে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের পেস তোপের মুখে ৬৬ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলে ভারত। পরে ইশান কিশান ও হার্দিক পান্ডিয়ার লড়াকু ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ২৬৬ রান তুলতে সমর্থ হয় ভারত। পাকিস্তানের তিন পেসার ১০ উইকেট ভাগাভাগি করেন। যদিও প্রবল বৃষ্টির কারণে পাকিস্তান ইনিংসে একটি বলও মাঠে গড়াতে পারেনি। তাই বহুল প্রতীক্ষিত এ লড়াই থাকে ফলহীন। 

তবে ক্রিকেট অনুরাগীদের জন্য স্বস্তির হলো এবারের এশিয়া কাপে আরো দুবার ভারত-পাকিস্তান লড়াইয়ের সম্ভাবনা হয়েছে। তার একটি আজ। তবে যদি বৃষ্টি বাগড়া না দেয়। গ্রুপ পর্ব শেষে আজ সুপার ফোরে লড়বে দুই সাবেক চ্যাম্পিয়ন। এরপর ফাইনালে উঠলে আবার দেখা হবে তাদের। 

আগামী মাসে ভারতের মাটিতে শুরু হতে যাওয়া আইসিসি ওয়ানডে বিশ্বকাপের শুরুর দিকেই একে অন্যের মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। তারপর সেমিফাইনাল কিংবা ফাইনালেও দেখা হতে পারে রোহিত শর্মা ও বাবর আজমের দলের। 

এবারের এশিয়া কাপের মূল আয়োজক পাকিস্তান। যদিও পাকিস্তানের মাটিতে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায় ভারত। তাতে এশিয়া কাপে হাইব্রিড মডেল সূচি তৈরি করা হয়। রোহিত শর্মারা এখন তাদের ম্যাচগুলো খেলবেন শ্রীলংকায়। যদিও গ্রুপ ম্যাচের মতো সুপার ফোরের ম্যাচেও চোখ রাঙাচ্ছে বৃষ্টি। পূর্বাভাস বলছে, কলম্বোয় আগামী কয়েকদিন বৃষ্টি হবে। এ কারণে পাকিস্তানের পক্ষ থেকে ম্যাচগুলো কলম্বো থেকে সরিয়ে নেয়ার দাবি ওঠে। ম্যাচ কলম্বোতেই হবে। তবে এসিসি ম্যাচটির জন্য রিজার্ভ ডের ব্যবস্থা রেখেছে। আজ কোনো কারণে ম্যাচ শেষ না হলে আগামীকাল সেখান থেকে ফের শুরু হবে। 

সুপার ফোরের বাকি ম্যাচগুলোর জন্য অবশ্য কোনো রিজার্ভ ডে নেই। কারণ ম্যাচগুলো ব্যাক টু ব্যাক অনুষ্ঠিত হবে। শুধু ফাইনালের জন্য রিজার্ভ ডে থাকবে। ভারত-পাকিস্তান ম্যাচ ছাড়া আর কোনো ম্যাচের জন্য রিজার্ভ ডে না রাখায় ক্ষোভ তৈরি হয়েছে। শুক্রবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে এ নিয়ে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এটি মোটেও উচিত হয়নি।’ 

এশিয়া কাপ হোক কিংবা বিশ্বকাপ—সবার চোখ থাকে ভারত-পাকিস্তান দ্বৈরথে। ১৯৫২ সালে প্রথম ক্রিকেটে মুখোমুখি হয় উপমহাদেশের দুই চিরবৈরী দেশ। ভারতের মাঠে সেটি ছিল পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। ২-১-এ জিতেছিল ভারত। এরপর টেস্ট, ওয়ানডে ও টি২০ ক্রিকেটে দুই দেশের লড়াই হয়। আজ দুই দেশ ২০৫তম আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হবে। 

ওয়ানডে ক্রিকেটে ভারত-পাকিস্তান দ্বৈরথের সূচনা সেই ১৯৭৮ সালে। এ ফরম্যাটে দুই দল সর্বশেষ মুখোমুখি হয় ২০১৯ সালের বিশ্বকাপে। দুই প্রতিবেশী ও চিরপ্রতিদ্বন্দ্বী দেশ এখন পর্যন্ত ১৩৩টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে পাকিস্তান ৭৩টিতে ও ভারত ৫৫টিতে জিতেছে। ফলহীন পাঁচ ম্যাচ। সর্বশেষ ১ সেপ্টেম্বর পাল্লেকেলেতে দুই দলের ম্যাচ শেষ হয়নি। 

মোট লড়াইয়ে পাকিস্তান এগিয়ে থাকলেও বিশ্বকাপ ও এশিয়া কাপে ভারতই বেশিবার জিতেছে। শনিবারের পণ্ড হওয়া ম্যাচের আগে দুই দলের সর্বশেষ পাঁচ লড়াইয়ে চারটিতেই জিতেছে ভারত। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবার, ২০১৮ সালে এশিয়া কাপে দুবার ও ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপে একবার মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। 

এশিয়া কাপের ওয়ানডে ফরম্যাটে ১৩ বারের লড়াইয়ে ভারত সাতবার ও পাকিস্তান পাঁচবার জিতেছে। আর টি২০ ফরম্যাটে তিনবারের দেখায় ভারত দুবার ও পাকিস্তান একবার জিতেছে। সব মিলিয়ে এশিয়া কাপে ১৭ বারের মোকাবেলায় ভারত নয়বার ও পাকিস্তান ছয়বার ম্যাচ জিতেছে।