সিলেটে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ইতিহাস গড়ে সেঞ্চুরি করা নাজমুল হোসেন শান্ত সন্ধ্যায় পেলেন দারুণ এক সুখবর। আসন্ন নিউজিল্যান্ড সফরের ওয়ানডে ও টি২০ দলকেও তিনি নেতৃত্ব দেবেন। ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ফরম্যাটেই বাংলাদেশ দলকে নেতৃত্ব দেয়ার গৌরব অর্জন করতে চলেছেন তিনি।

 

যদিও ওয়ানডে দলকে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা তার আগেই হয়ে গেছে। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে তিনি প্রথম নেতৃত্ব দেন। এরপর বিশ্বকাপেও সাকিবের অনুপস্থিতিতে কিছু ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেন তিনি।

 

আজ সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপে সাকিব আল হাসানের চোটে শেষ ম্যাচের জন্য ডাক পাওয়া এনামুল হক বিজয় নিউজিল্যান্ড সফরের ওয়ানডে দলে ডাক পেয়েছেন। এছাড়া ওয়ানডে দলে ফিরেছেন সৌম্য সরকার ও আফিফ হোসেন। অনূর্ধ্ব-১৯ দলের স্পিনার রাকিবুল হাসান ও রিশাদ হোসেনও স্থান পেয়েছেন ওয়ানডে দলে।

 

আগামী ১৭ ডিসেম্বরে ডুনেডিনে প্রথম ওয়ানডে ম্যাচ। পরের দুই ম্যাচ যথাক্রমে ২০ ডিসেম্বর নেলসেন ও ২৩ ডিসেম্বর নেপিয়ারে। টি২০ সিরিজও শুরু হবে নেপিয়ার দিয়ে ২৭ ডিসেম্বর এরপর ২৯ ডিসেম্বর মাউন্ট মঙ্গানুইয়ে দ্বিতীয় ও ৩১ ডিসেম্বর একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ও শেষ টি২০ ম্যাচ।  

 

ওয়ানডে স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, আফিফ হোসেন, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিশাদ হোসেন ও রাকিবুল হাসান।

 

টি২০ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, আফিফ হোসেন, সৌম্য সরকার, মিরাজ (সহ-অধিনায়ক), শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানভির ইসলাম, তানজিম হাসান সাকিব।