ফ্রেঞ্চ লিগ ওয়ান ছাড়া ইউরোপের বাকি শীর্ষ চার লিগের চার চ্যাম্পিয়ন দল আজ মাঠে নামছে। স্প্যানিশ লা লিগায় আজ রোববার দিবাগত রাতে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ, থাকছে বার্সেলোনাও। ইংলিশ প্রিমিয়ার লিগে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল, ইতালিয়ান সিরি-এ লিগে টানা নয়বারের চাম্পিয়ন জুভেন্টাস ও বুন্দেসলিগায় বর্তমান লিগ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ মাঠে নামবে। অবশ্য করোনাভাইরাজনিত কারণে জুভেন্টাসের ম্যাচটি নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
লা লিগায় বাংলাদেশ সময় রাত ৮টায় লেভান্তের মাঠে খেলবে রিয়াল মাদ্রিদ। জিনেদিন জিদানের দল প্রথম ম্যাচে ড্র করলেও পরের দুই ম্যাচে টানা জয় তুলে নেয়। আজ তৃতীয় জয়ের আশায় নামবে লস ব্লাঙ্কোসরা।
বার্সেলোনা মাঠে নামছে রাত একটায়। কাতালানদের প্রতিপক্ষ সেভিয়া। লা লিগায় অনেকে ৫ ম্যাচ খেলে ফেললেও এটি হবে বার্সার তৃতীয় ম্যাচ। প্রথম দুই ম্যাচে জয় পেয়ে ভীষণ উজ্জীবিত রোনাল্ড কোম্যানের দল। দুই ম্যাচেই গোল করেন ১৭ বছর বয়সী স্ট্রাইকার ফানসু ফাতি।
প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন লিভারপুল খেলবে অ্যাস্টন ভিলার মাঠে। ভিলা পার্কে ম্যাচটি শুরু হবে রাত ১২টা ১৫ মিনিটে। প্রথম তিন ম্যাচেই টানা জয় তুলে নিয়েছে ইয়ুর্গেন ক্লোপের দল। যদিও পয়েন্ট টেবিলের শীর্ষে আছে টানা চার জয় তুলে নেয়া এভারটন। শনিবার তারা ৪-২ গোলে এভারটনকে হারায়। এ রাতে চেলসি ৪-০ গোলে ক্রিস্টাল প্যালেসকে হারালেও লিডস ইউনাইটেডের সঙ্গে ১-১ গোলে ড্র করে ম্যানচেস্টার সিটি।
ইতালিতে আজ বাংলাদেশ সময় রাত পৌঁনে একটায় হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে জুভেন্টাস ও ন্যাপোলি। অবশ্য আজ না খেলেও তিন পয়েন্ট পেয়ে যেতে পারে জুভেন্টাস! ন্যাপোলির দুই খেলোয়াড় করোনায় পজিটিভ হওয়ার কারণে স্থানীয় স্বাস্থ্য বিভাগের পরামর্শে দলটি পূর্বনির্ধারিত ফ্লাইটে শনিবার তুরিনে যায়নি। লিগের নিয়ম অনুযায়ী, স্কোয়াডে ১৩ জন খেলোয়াড় সুস্থ থাকলেও মাঠে নামতে হবে। এখন তারা যদি না যায়, তবে জুভেন্টাসকে বিজয়ী ঘোষণা করে তিন পয়েন্ট দেয়া হবে।
জার্মান বুন্দেসলিগায় রাত দশটায় হার্থা বার্লিনের বিপক্ষে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। এদিকে শনিবার রাতে নরওয়েজিয়ান স্ট্রাইকার হালান্ড আর্লিং ব্রাউটের জোড়া গোলে ভর দিয়ে ফ্রেইবুর্গকে ৪-০ গোলে হারায় বরুশিয়া ডর্টমুন্ড। এ রাতে লিপজিগ ৪-০ গোলে হারায় শালকেকে।
সূত্র: বিবিসি










