তাতে লিভারপুল অধ্যায়ই তার শেষ হতে বসেছিল। এরপর আফ্রিকান নেশন্স কাপ খেলতে যান মিসরের হয়ে। সেই বিরতিটা বরফ গলাতে সাহায্য করে। সালাহও এখন বেশ সংযত। তেমনি ফেরার পর থেকে লিভারপুলের জার্সিতেও খেলছেন নিয়মিত। আগের সেই ফর্ম অবশ্য নেই। প্রতিপক্ষের বক্সের মধ্যে ভয়ংকর সেই সালাহকে এখন দেখা যায় কালেভদ্রে। ৩৩ বছর বয়সী ‘ইজিপ্সিয়ান কিং’-এর বর্তমান ফর্ম নিয়ে অবশ্য চিন্তিত নন লিভারপুল কোচ আর্নে স্লট।

লিভারপুলের জার্সিতে গত বছর নভেম্বরে সর্বশেষ গোল পেয়েছেন সালাহ। গতকাল রাতে ওয়েস্ট হ্যামের মাঠে খেলতে নামে লিভারপুল। ওই ম্যাচেও তিনি গোল না পেলে সংখ্যাটি পৌঁছেছে ১০-এ, যা প্রিমিয়ার লিগে ক্যারিয়ারে তার দীর্ঘতম গোলখরা।

এ নিয়ে লিভারপুল কোচ আর্নে স্লট বলেন, ‘সে নিজেই নিজের মানদণ্ড তৈরি করেছে এবং সেটি অনেক উঁচু, সেটি এতই উঁচু যে সে কিছু ম্যাচে গোল না পেলে মানুষজন তৎক্ষণাৎ বিস্মিত হয়। এটি সম্ভবত তার পাওয়া সবচেয়ে বড় প্রশংসা।’

কোচের বক্তব্যে এটাই পরিষ্কার যে সালাহ নিজেই নিজের মানদণ্ডের শিকার। চলতি মৌসুমে প্রতি ম্যাচে তার গোল ও অ্যাসিস্টের সংখ্যা ০.৫৬, যা গত মৌসুমে ছিল ১.২৫। গত মৌসুমে তিনি গোল ও অ্যাসিস্ট দুটিতেই দলের হয়ে ১ নম্বরে ছিলেন। সেই তুলনায় এবার তাকে বেশ বিবর্ণই লাগে।

গতবারের তুলনায় কম শট নিয়েছেন আর বক্সের মধ্যে বলে টাচও কম করেছেন তিনি। সেই সঙ্গে প্রতি ৯০ মিনিটে তার এক্সজি (এক্সপেক্টেড গোল) ০.৬৮ থেকে অর্ধেকে (০.৩৪) নেমেছে। যদিও সামগ্রিক আক্রমণের সংখ্যা এখনো ঈর্ষণীয়। ১০ গোলের সঙ্গে তার সম্পৃক্ততা ছিল, যা কোল পালমার ও বুকায়ো সাকার চেয়ে বেশি। যদিও লিভারপুলের উগো একিতিকে (১২) তার চেয়ে এগিয়ে রয়েছেন।

আর্নে স্লট বলেন, ‘মো (সালাহ) অনেক বেশি গোল করবে, এতেই আমরা অভ্যস্ত এবং এ মুহূর্তে সম্ভবত এ জায়গাটিতে ব্যবধান রয়েছে। কিন্তু আমরা জানি, এটা অতীতে ঘটেছে। সে যখন তিন ম্যাচে, চার ম্যাচে কিংবা এর চেয়ে বেশি ম্যাচে গোল পায়নি তখনই আমাকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। কিন্তু আমি জানি, সে আবারো গোল করা শুরু করবে।’

প্রিমিয়ার লিগে গতকাল বিকাল পর্যন্ত ২৭ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে ছিল লিভারপুল। চ্যাম্পিয়নরা এবার শিরোপার রেস থেকে ছিটকে পড়েছে। তবে এখনো এফএ কাপ আর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে টিকে আছে তারা। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় তাদের সামনে তুর্কি দল গ্যালাতাসারে। কাজেই কোয়ার্টার ফাইনালে ওঠার ভালো সম্ভাবনা রয়েছে অল রেডদের। আবার এফএ কাপ তো রয়েছেই।

সালাহ যেমন ফর্মেই থাকুন না কেন, লিভারপুলের তিনি যে ইতিহাস আর উত্তরাধিকার সৃষ্টি করেছেন, তা সহসাই মুছে যাবে না। ২০২৭ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ পূর্ণ করলে রজার হান্টকে টপকে লিভারপুলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার আসনে বসবেন সালাহ। তার সামনে শুধু দুজন—ইয়ান রাশ (৩৪৬) ও হান্ট (২৮৫)। সালাহ ২৫২ গোল করে তিনে অবস্থান করছেন।

২০১৭ সালে রোমা থেকে লিভারপুলে যোগ দেয়া সালাহ অল রেডদের হয়ে দুটি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়ন্স লিগ, একটি এফএ কাপ, একটি লিগ কাপ, একটি কমিউনিটি শিল্ড, একটি উয়েফা সুপার কাপ ও একটি ক্লাব বিশ্বকাপ শিরোপা জয়ের কৃতিত্ব দেখিয়েছেন।