পাকিস্তান ও শ্রীলংকার যৌথ আয়োজনে শুরু হলো ষোড়শ এশিয়া কাপ ক্রিকেট।  বুধবার (৩০ আগস্ট)  পাকিস্তানের মুলতানে উদ্বোধনী ম্যাচে নবাগত দল নেপালকে ২৩৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দেয় স্বাগতিকরা। আগে ব্যাটিংয়ে নেমে বাবর আজম ও ইফতিখার আহমেদের সেঞ্চুরিতে ৬ উইকেটে ৩৪২ রানের সৌধ গড়ে বিশ্বের এক নম্বর র‍্যাংকধারী পাকিস্তান। জবাবে আইসিসি র‍্যাংকিংয়ের ১৫ নম্বর দল নেপাল ২৩.৪ ওভারে ১০৪ রানে অলআউট হয়ে যায়। এদিকে, বৃহস্পতিবার পাল্লেকেলেতে ‘বি’ গ্রুপের ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ৩টা ৩০ মিনিটে।


প্রথমবারের মতো এশিয়া কাপে খেলতে নামা নেপাল শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে বোলিংয়ে দুর্দান্ত সূচনা করে। ২৫ রানের মধ্যে ফখর জামান ও ইমাম-উল-হককে সাজঘরে ফেরায় নেপালের বোলাররা। ফখরকে ফেরান করন কেসি, আর ইমাম হন রানআউট। বাবর আজম (১৩১ বলে ১৫১) ও মোহাম্মদ রিজওয়ান (৫০ বলে ৪৪) স্থিতি এনে দেয়ার পর আবার জোড়া আঘাত। রিজওয়ান রানআউট হওয়ার অল্প সময় পর আগা সালমানকে শিকার করেন তারকা স্পিনার সন্দীপ লামিচানে।   


ম্যাচের এই পর্যায়ে সমানে সমান লড়ে নেপাল। যদিও এরপর ব্যবধান গড়ে দিলেন বাবর ও ইফতিখার। তারা পঞ্চম উইকেটে ২১৪ রান যোগ করেন, যা ওয়ানডেতে পাকিস্তানের হয়ে রেকর্ড। এর আগের সর্বোচ্চ ১৭৬ রান করেছিলেন ইউনুস খান ও উমর আকমল। বাবর ও ইফতিখারের ব্যাটে ভর করে পাকিস্তান সাড়ে তিনশ ছুঁই ছুঁই সংগ্রহ পেয়ে যায়। 


বাবর ১৪টি চার ও চারটি ছক্কায় দেড়শ রানের রাজসিক ইনিংস খেলে সোমপাল কামির শিকার হন। যদিও ইফতিখারকে কেউ আউট করতে পারেনি। তিনি মাত্র ৭১ বলে ১১টি চার ও চারটি ছক্কায় ১০৯ রানের বিস্ফোরক ইনিংস খেলে অপরাজিত থাকেন।

 

এরপর পাকিস্তানের শক্তিশালী বোলিং লাইনআপের সামনে দাঁড়াতেই পারেনি নেপাল। পেস ও স্পিনের সাঁড়াশি আক্রমণে প্রতিপক্ষকে ১০৪ রানের মধ্যে অলআউট করে স্বাগতিকরা। স্পিনার শাদাব খান ২৭ রানে চারটি এবং পেসার জুটি হারিস রউফ ১৬ রানে ও শাহিন শাহ আফ্রিদি ২৭ রানে দুটি উইকেট নেন। 


শনিবার শ্রীলংকার পাল্লেকেলেতে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। নেপাল তাদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে আগামী সোমবার পাল্লেকেলেতে।


এদিকে, বৃহস্পতিবার স্বাগতিকদের বিপক্ষে লড়বে সাকিব আল হাসানের বাংলাদেশ। এটি হবে সাম্প্রতিক সময়ের দুই চেনা দলের লড়াই। ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে শ্রীলংকার জয়ের হার ৮১.৬৩%! পাকিস্তান ৮৬.৪৮% জয় নিয়ে এক নম্বরে। যদিও সর্বশেষ ১০ ম্যাচের মধ্যে চারটিতেই হেরেছে লংকানরা। আর পাল্লেকেলেতে খেলা বলে আশা থাকছে বাংলাদেশের। শ্রীলংকার বিপক্ষে এই মাঠে ২০১৩ সালে একমাত্র ম্যাচ খেলে জিতেছে বাংলাদেশ। সেই জয় আজ নিশ্চিতভাবেই সাকিবকে বাড়তি উদ্দীপনা জোগাবে। 

অসুস্থতার কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের ব্যাটার লিটন কুমার দাস। তার জায়গায় জরুরি ডাক পেয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন এনামুল হক বিজয়। লিটনের মতো ডানহাতি ব্যাটার ও উইকেটকিপার হওয়ায় তাকে দলে ডাকা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তবে এনামুল আজ খেলবেন কিনা, সেটি অবশ্য নিশ্চিত নয়। নাঈম শেখের সঙ্গে ওপেন করতে পারেন তরুণ ব্যাটার তানজিদ হাসান তামিম।