ফ্রেঞ্চ ওপেনে রেকর্ড ১২ বারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল আজ নামছেন শেষ আটের লড়াইয়ে। যুক্তরাষ্ট্রের ইয়ান্নিক সিনারকে হারাতে পারলেই পেয়ে যাবেন সেমিফাইনালের টিকিট।

প্রিয় কোর্ট রোলাঁ গারোঁয় এবার শিরোপা জিতলেই রজার ফেদেরারের ২০ গ্র্যান্ড স্লামের রেকর্ড ছুঁয়ে ফেলবেন ‘স্প্যানিশ ম্যাটাডোর’ নামাল। এ পথে আজ ৩৪ বছর বয়সী মহাতারকার সামনে কি বাধা হয়ে দাঁড়াতে পারবেন ১৯ বছর বয়সী সিনার? 

আমেরিকান খেলোয়াড়টি অভিষেকই রোলাঁ গারোঁয় কোয়ার্টার ফাইনালে উঠে ছুঁয়েছেন নাদালের কীর্তি, স্প্যানিশ খেলোয়াড় যা করেছিলেন ২০০৫ সালে। কোয়ার্টার ফাইনালে ওঠার পথে সিনার হারিয়েছেন ইউএস ওপেনের ফাইনালিস্ট আলেক্সান্ডার জেভেরেভকে। নাদালকেও হয়তো কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেন তিনি।   

নাদালের আগেই আজ ছেলেদের এককে কোয়ার্টার ফাইনাল খেলতে নামবেন তৃতীয় বাছাই অস্ট্রিয়ার ডমিনিক থিয়েম ও আর্জেন্টিনার দিয়েগো শোয়ার্টজম্যান। নাদাল জিতলে সেমিফাইনালে পাবেন থিয়েম ও শোয়ার্টজম্যানের মধ্যকার বিজয়ীকে। থিয়েম বর্তমান ইউএস ওপেন চ্যাম্পিয়ন। 

আজ নারী এককে দুটি কোয়ার্টার ফাইনাল ও একটি চতুর্থ রাউন্ডের ম্যাচ রয়েছে। শেষ আটে ইউক্রেনিয়ান তৃতীয় বাছাই এলিনা সভিতোলিনা খেলবেন আর্জেন্টিনার নাদিয়া পদোরোস্কার বিপক্ষে আর পোল্যান্ডের ইগা সুইয়াটেকের প্রতিপক্ষ ইতালির মার্টিনা ট্রেভিসান। এর আগে চতুর্থ রাউন্ডের ম্যাচে মুখোমুখি হবেন যুক্তরাষ্ট্রর ড্যানিয়েল কলিন্স ও তিউনিসিয়ার ওনস জাবেউর।    

সোমবার কোয়ার্টার ফাইনালে উঠেছেন ছেলেদের এককে শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ। শেষ ষোলোর ম্যাচে রাশিয়ার কারেন খাচানভকে ৬-৩, ৬-৪, ৬-৪ গেমে হারান তিনি। এ নিয়ে রেকর্ড ১১তম বার ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠলেন জোকোভিচ।

সূত্র: বিবিসি