নতুন মৌসুমের শুরুতে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের নতুন গাড়ি উপহার পাওয়াটা এখন ঐতিহ্যে রূপ নিয়েছে। প্রতিবারের মতো ২০২৩-২৪ মৌসুমের জন্যও রিয়ালের ফার্স্ট টিমের খেলোয়াড়রা পেলেন বিএমডব্লিউর নতুন গাড়ি এবং প্রত্যেক খেলোয়াড়ই নিজেদের ইচ্ছেমতো মডেলের গাড়ি বেছে নিতে পেরেছেন। কোচ কার্লো আনচেলত্তিসহ খেলোয়াড়দের জন্য চারটি মডেলের গাড়ি দিয়েছে বিএমডব্লিউ। এগুলো হলো আইফোর, আইসেভেন, আইএক্স ও এক্সএম।
সবচেয়ে দামি মডেলের গাড়ি হলো এক্সএম। এর বাজারমূল্য ১ লাখ ৮০ হাজার ইউরো (প্রায় ২ কোটি ১০ লাখ টাকা)।
জুড বেলিংহাম, দানি সেবায়োস, আরদা গুলার, থিবো কোর্তোয়া, দানি কারবাহাল, রদ্রিগো, জোসেলু, কিপা আরিজাবালাহা ১ লাখ ৭৯ হাজার ৭০০ ইউরো মূল্যের; আন্তোনিও রুডিগার, টনি ক্রুস, আদ্রিই লুনিন, ফেদে ভালভার্দে, ব্রাহিম ডিয়াজ ও ডেভিড আলাবা ১ লাখ ৮ হাজার ৪৫০ ইউরো মূল্যের, লুকাস ভাসকেজ, ফ্রান গার্সিয়া, ফার্নান্দো মেন্দি, এদুয়ার্দো কামাভিঙ্গা, ভিনিসিয়ুস জুনিয়র, এডার মিলিতাও এবং কোচ আনচেলত্তি ৭৯ হাজার ৫৫০ ইউরো মূল্যের, নাচো ১ লাখ ৩৯ হাজার ৩৫০ ইউরো মূল্যের, লুকা মডরিচ ১ লাখ ৪০ হাজার ৪০০ ইউরো মূল্যের, অরেলিন চুয়ামেনি ৫৭ হাজার ৩৫০ ইউরো মূল্যের গাড়ি নিয়েছেন।
বিএমডব্লিউর সঙ্গে রিয়ালের পার্টনারশিপ চুক্তিটা এ নিয়ে দ্বিতীয় মৌসুম চলছে। এর আগে তাদের চুক্তি ছিল অডির সঙ্গে।
‘শূন্য কার্বন নির্গমন’-এর লক্ষ্যে গতবার শতভাগ ইলেকট্রিক গাড়ি দেয়া হলেও খেলোয়াড়রা এবার চাইলে আংশিক ইলেকট্রিক গাড়ি নিতে পেরেছেন। এটা মূলত প্লাগ-ইন হাইব্রিড মডেলের। এক্ষেত্রে গাড়ি বিদ্যুতের সাহায্যে ১০০ কিলোমিটার চলতে পারবে, প্রয়োজনে পেট্রল ট্যাংকও আছে। রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা চাইলে সব গাড়িতেই ‘শূন্য কার্বন নির্গমন’ সুবিধা নিতে পারবেন।
গাড়িতে চার্জ দিতে কোনো অসুবিধায় পড়বেন না খেলোয়াড়রা। রিয়ালের ট্রেনিং কমপ্লেক্স ভালদেবেবাসে ৯০০ কিলোওয়াট পাওয়ার বিদ্যুতের ব্যবস্থা রেখেছে বিএমডব্লিউ, যেখানে তারা চার্জ দিতে পারবেন। খেলোয়াড়দের বার্সায় চার্জ দেয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। মার্কা, রিয়াল মাদ্রিদ।










