রাউন্ড রবিন লিগে ৯ ম্যাচে ৯ জয় তুলে নেয় ভারত। নিউজিল্যান্ড টানা চার জয়ের পর টানা চার হার। এরপর শেষ ম্যাচ জিতে উঠেছে সেমিফাইনাল। গতবার সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারলেও তাই বুধবার মুম্বাইয়ে সেমিফাইনালে ফেভারিট হিসেবে নামছে ভারতই। যদিও সাবেক নিউজিল্যান্ড তারকা রস টেলর কিউইদের পক্ষেই বাজি ধরলেন। আবার ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির বাজি স্বাগতিক দল।   

টেলর বলেন, ‘চার বছর আগে ফর্মে থেকেই সেমিফাইনালে উঠেছিল ভারত। এবার স্বাগতিক হিসেবে তারা আরো শক্তিশালী, গ্রুপ পর্বেও অসাধারণ খেলেছে। কিন্তু যখন হারানোর কিছু থাকে না, তখন নিউজিল্যান্ড বিপজ্জনক দল। ভারত যদি কোনো দলকে মোকাবেলা করতে গিয়ে স্নায়ু চাপে ভোগে, সেটি নিউজিল্যান্ড।’

বিশ্বকাপে কিউইদের বিপক্ষে ভারতের রেকর্ড ভালো নয়। ২০ বছর পর এবারই প্রথম আইসিসি ইভেন্টে ভারত হারায় নিউজিল‌্যান্ডকে। এবার সেমিতে মুখোমুখি দুই দল। এ ম্যাচ নিয়ে গৌরভ গাঙ্গুলী বলেন, ‘রেকর্ড নিয়ে ভেবে লাভ নেই। তবে হ‌্যাঁ, বুধবার এই নিউজিল‌্যান্ডকে হারানো সহজ হবে না। দেখুন, আমি বিশ্বাস করি যে ম‌্যাচটা কঠিন হবে। কিন্তু শেষে গিয়ে হয়তো ভারত জিতবে।’

জমজমাট ম্যাচ হবে বলে মনে করেন সৌরভ। তিনি আরো বলেন, ‘দুটো টিমেই অসম্ভব ভালো ক্রিকেটার রয়েছে। রোহিত শর্মারা কাউকে দাঁড়াতেই দিচ্ছে না। নিউজিল‌্যান্ড আবার পরপর কয়েকটা হারের পর ছন্দ খুঁজে পেয়েছে। প্লাস, চলতি বিশ্বকাপে ক্লোজ ম‌্যাচ খেলার অভিজ্ঞতা আছে ওদের। অস্ট্রেলিয়া ম‌্যাচটাই ধরুন। ৩৮৮ প্রায় তাড়া করে দিয়েছিল! ভালো ম্যাচ হবে। ভারতের যেমন একটা বিভাগেও কোনও ফাঁক নেই, নিউজিল‌্যান্ডেরও প্রায় তাই। ব‌্যাটিং দেখুন। কেন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল। ওদেরও বা তেমন দুর্বলতা কোথায়?’

গ্লেন ম‌্যাক্সওয়েল-বীরত্ব বাদ দিলে ওয়াংখেড়েতে এবার কোনো দল পরে ব্যাট করে জেতেনি। ফ্লাডলাইটের নিচে ওয়াংখে়ড়েতে ব‌্যাট করা কঠিন। কিউই ফাস্ট বোলার লোকি ফার্গুসন মনে করেন, টসে হার কিংবা জয় যাই হোক, তা মেনে নিতে হবে তাদের। তিনি বলেন, ‘ব্যাটিং কিংবা বোলিং যা-ই আসুক না কেন, সেভাবে আমাদের পরিকল্পনা করতে হবে। পরিকল্পনা বাস্তবায়ন করা গুরুত্বপূর্ণ।’