ভারতীয় গতি বোলার জশপ্রীত বুমরাহর দারুণ এক ইয়র্কারে স্ট্যাম্প গুঁড়িয়ে গেল ইংল্যান্ডের ১১ নম্বর ব্যাটার মার্ক উডের। এর মধ্য দিয়ে ইংলিশরা গুটিয়ে গেল মাত্র ১২৯ রানে। ৩০-০ থেকে ১২৯/১০। ফলে ২২৯ রানের ছোট্ট পুঁজি নিয়েও ভারত জিতল ১০০ রানে। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধার করল স্বাগতিকরা।

ডেভিড মালান ও জো রুটকে পঞ্চম ওভারের মধ্যে আউট করে ভারতকে দারুণ সূচনা এনে দেন বুমরাহ। ইংল্যান্ডের মিডল অর্ডার গুঁড়িয়েছেন মোহাম্মদ শামি (৪/২২) ও কুলদীপ যাদব (২/২৪)। রবীন্দ্র জাদেজাও উইকেট উৎসবে যোগ দেন (১/১৬)। এরপর মার্ক উডকে বোল্ড করে দলের জয় নিশ্চিত করেন বুমরাহ (৩/৩২)।

ইংল্যান্ডের আট ব্যাটার দুই অঙ্ক ছুঁয়েছেন, যদিও শুধুই লিয়াং লিভিংস্টোন ২০-এর বেশি রান (২৭) করেন। বেন স্টোকস, জো রুট ও মার্ক উড ‘ডাক’ মারেন।

এর আগে ব্যাটিংয়ে নেমে চলতি বিশ্বকাপে আজই প্রথম বড় পরীক্ষার মুখে পড়ে স্বাগতিক ভারত। লক্ষ্ণৌতে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে ৫০ ওভার ব্যাটিং করে ৮ উইকেটে মাত্র ২২৯ রান তুলতে সমর্থ হয় রোহিত শর্মার দল। টস হেরে ব্যাটিংয়ে নামা স্বাগতিকরা ক্রিস ওকস  ও ডেভিড উইলির আঘাতে ৪০ রানের মধ্যে হারায় শুভমান গিল, বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ারকে। এরপর হাল ধরেন রোহিত শর্মা ও লোকেশ রাহুল। ১১১ বলে ৯১ রানের জুটিতে স্থিতি আনেন দুজন।

যদিও দলীয় ১৬৪ রানের মধ্যে এ দুজনের বিদায়ে আবার এলেমেলো ভারত। লোকেশ ৫৮ বলে ৩৯ রান করে উইলির শিকার হন (১৩১/৪)। আর বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ সাতটি সেঞ্চুরি করা রোহিত আরেক সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও আউট হলেন ৮৭ রানে (১৬৪/৫)। আদিল রশিদের ঘূর্ণিতে তিনি ক্যাচ দেন লিয়াম লিভিংস্টোনকে। ১০ চার ও তিন বাউন্ডারিতে ইনিংসটি সাজান ভারতীয় দলনায়ক।

রোহিতের বিদায়ের পর চার উইকেট হারিয়ে ৭৯ বলে মাত্র ৬৪ রান তুলতে সমর্থ হয় ভারত। বিগ হিটার সূর্যকুমার যাদব চেষ্টা করছিলেন, তবে ৪৭ বলে ৪৯ রানে শেষ হয় তার ইনিংসটি। ইংল্যান্ডের ডেভিড উইলি ৪৫ রানে তিনটি এবং ক্রিস ওকস ৩৩ রানে ও আদিল রশিদ ৩৫ রানে দুটি করে উইকেট নেন।

এই জয়ে ভারতের সেমিফাইনাল প্রায় নিশ্চিত হয়ে গেল। আর ইংল্যান্ডের বিদায়ও প্রায় নিশ্চিত। যদিও গাণিতিকভাবে খানিকটা সুযোগ রয়েছে বলে এখনো বলা যাচ্ছে না যে, ইংল্যান্ড বিদায় নিয়েছে।  

এ নিয়ে ওয়ানডে বিশ্বকাপে দুই দলের মধ্যে নয়বারের লড়াইয়ে ইংল্যান্ড চারটি ও ভারত সমান চারটিতে জিতল। একটি ম্যাচ টাই হয়।