ভারত-পাকিস্তান লড়াইয়ের উত্তাপ শুধু মাঠের বাইরেই থাকল। মাঠের লড়াইটা হলো বড্ড একপেশে। গতকাল কলম্বোয় চিরপ্রতিদ্বন্দ্বী দলকে ৬১ রানে হারিয়েছে ভারত। আগে ব্যাট করে সূর্যকুমার যাদবের দল ৭ উইকেটে ১৭৫ রান সংগ্রহ করে। জবাবে পাকিস্তান ১৮ ওভারে ১১৪ রানে গুটিয়ে যায়। টি-টোয়েন্টি বিশ্বকাপে এ নিয়ে নয়বারের দেখায় আটবারই জিতল ভারত।

ইশান কিশানের খুনে ব্যাটিংয়ের পরও খুব বড় সংগ্রহ পায়নি ভারত। শুরুর দিকে অভিষেক শর্মাকে হারানোর পর ইশান কিশান চার-ছক্কায় বেসামাল করে তোলেন পাকিস্তানি বোলারদের। ২৭ বলে ফিফটির পর ছুটছিলেন সেঞ্চুরির দিকে। তখন তাকে থামিয়েছেন স্পিনার সাইম আইয়ুব। আউট হওয়ার আগে ৪০ বলে ৭৭ রান করে দিয়ে যান ইশান।

তিলক ভার্মার সঙ্গে ৪৬ বলে ৮৭ রানের জুটি গড়েন ইশান। তিনি এতটাই বিস্ফোরক ছিলেন যে ভারতের রান যখন ৮২, তখন তার একারই ছিল ৭২! যদিও ইনিংসটা সেঞ্চুরিতে রূপ দিতে পারেননি ইশান। এরপর ভারতের গতি ও স্পিনের সাঁড়াশি আক্রমণের মুখে ১১৪ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।

এদিকে চলতি দশম টি-টোয়েন্টি বিশ্বকাপে সবার আগে সুপার এইটে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ। গতকাল সকালে নেপালকে ৯ উইকেটে হারিয়ে সেরা আটে খেলা নিশ্চিত করে দুইবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগে ব্যাট করে ৮ উইকেটে ১৩৩ রান তোলে নেপাল। জবাবে শাই হোপ ও শিমরন হেটমায়েরের ৫৯ বলে ৯১ রানের জুটিতে ভর করে ১৫.২ ওভারে ৯ উইকেটের বড় জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। শাই হোপ ৪৪ বলে ৬১ ও হেটমায়ের ৩২ বলে ৪৬ রান করে অপরাজিত থাকেন।

এর আগে পেসম্যান জেসন হোল্ডারের তোপের মুখে পড়ে খুব বেশি রান তুলতে পারেনি নেপাল। ২৭ রানে ৪ উইকেট নেন হোল্ডার। ৪৭ বলে ৫৮ রান করেন দিপেন্দ্র সিং আইরে।

টানা তিন জয়ে ‘সি’ গ্রুপ থেকে সুপার এইটে খেলা নিশ্চিত হলো ওয়েস্ট ইন্ডিজের। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে ইংল্যান্ড, আর স্কটল্যান্ড ২ পয়েন্ট নিয়ে তিনে। স্কটল্যান্ডের পক্ষে ওয়েস্ট ইন্ডিজকে ধরা সম্ভব নয়, ফলে শেষ আটের টিকিট কেটেছে ক্যারিবীয়রা। অবশ্য ইংল্যান্ডকে টপকে সুপার এইটে ওঠার সুযোগ রয়েছে স্কটল্যান্ডের।

বৃহস্পতিবার নিজেদের শেষ ম্যাচে নবাগত ইতালির বিপক্ষে খেলবে টি-টোয়েন্টির পরাশক্তি ওয়েস্ট ইন্ডিজ। গতকাল ‘এ’ গ্রুপের ম্যাচে নামিবিয়াকে ৩১ রানে হারিয়েছে যুক্তরাষ্ট্র।