সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। সদ্যই বিশ্বকাপ সেমিফাইনাল খেলা ক্রিকেট পরাশক্তিদের বিপক্ষে দুই টেস্টের এই সিরিজে ভালো করতে চায় স্বাগতিকরা। সাকিব আল হাসানের অনুপস্থিতিতে এই সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিতে চলা নাজমুল হোসেন শান্ত বলেছেন, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ভালো করতে ঘরের মাঠে ম্যাচগুলো জিততে হবে তাদের।  

 

নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজে বাংলাদেশ পড়ছে অগ্নিপরীক্ষার মুখে। পিঠের চোটের কারণে তামিম ইকবাল আগে থেকেই নেই। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান বিশ্বকাপের সময় আঙুলে চোট পান, যা থেকে এখন সেরে উঠছেন। পাশাপাশি তিনি ভোটের মাঠে নামছেন। মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগ থেকে। ফলে তাকে এই সিরিজে পাচ্ছে না বাংলাদেশ। লিটন দাস ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছেন। তাই এই সিরিজে নেতৃত্ব পেয়েছেন শান্ত। বাংলাদেশের ১৩তম ক্রিকেটার হিসেবে মঙ্গলবার টেস্টে টস করতে নামছেন তিনি।

 

এই সিরিজ দিয়ে বাংলাদেশ দল আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে প্রবেশ করতে যাচ্ছে। এতে নিজেদের লক্ষ্য নিয়ে শান্ত বলেন, ‘আমরা প্রায় ১৪টি ম্যাচ খেলব। এ বছর ২টি, পরের বছর ১২টি। এ দুই বছর খুবই গুরুত্বপূর্ণ। যে ম্যাচগুলো দেশের মাটিতে হবে, এগুলো জেতা খুব জরুরি। দল হিসেবে এটাই প্রথম লক্ষ্য। সঙ্গে বাইরে কীভাবে ভালো খেলতে পারি সেটা লক্ষ্য।’

বাংলাদেশ সিলেটে সর্বশেষ টেস্ট খেলেছে ২০১৮ সালে। গত পাঁচ বছর এ মাঠে কোনো টেস্ট না খেলায় উইকেট কেমন আচরণ করবে, তা নিয়ে পরিষ্কার ধারণা নেই বাংলাদেশের।

 

শান্ত এ নিয়ে বললেন, ‘এখানে টেস্ট খুব কম হয়েছে। প্রথম শ্রেণির ম্যাচ যা হয়েছে, ধারণা বলতে এতটুকুই। উইকেট নিয়ে খুব লম্বা আলোচনা হয়েছে তা নয়। উইকেট কী রকম বোঝার চেষ্টা করেছি। হোম অ্যাডভান্টেজ এই কথা বলতে চাই না। প্রতিটি দলই যখন হোমে খেলে, এমনিতেই কিছু সুবিধা পেয়ে থাকে। আমরা সেটা নেয়ার চেষ্টা করব। কাল ম্যাচ শুরু হলে আরও স্পষ্ট বোঝা যাবে, উইকেট কেমন আচরণ করছে। তবে কিছুটা হলেও ধারণা হয়েছে। কী ধরনের উইকেট হবে এটা বলা তো ঠিক হবে না।’

 

বিশ্বকাপ ব্যর্থতা ভুলে টেস্টে ভালো করতে আশাবাদী নাজমুল বলেন, ‘আমাদের অবশ্যই খারাপ সময় গেছে, তবে সেটা ওয়ানডে ফরম্যাট ছিল, এখন টেস্ট। সর্বশেষ টেস্টে আফগানিস্তানের বিপক্ষে ভালো অবস্থানে ছিলাম। ওই আত্মবিশ্বাস নিয়েই এই ম্যাচ খেলব।’