নেদারল্যান্ডসকে
গুঁড়িয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের প্রস্তুতি সারল ভারত। আজ রোববার
বেঙ্গালুরুতে ৪ উইকেটে ৪১০ রানের সৌধ গড়ে ভারত, যা চলতি বিশ্বকাপের দ্বিতীয়
সর্বোচ্চ ও ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ দলীয় সংগ্রহ। জবাব দিতে নেমে
ডাচরা ২৫০ রানে গুটিয়ে যায়। রাউন্ড রবিন লিগে ৯ ম্যাচের ৯টিতেই জিতে সেমিফাইনাল
খেলতে যাচ্ছে স্বাগতিকরা।
ডাচরা
হেরে যাওয়ায় টেবিলের তলানিতেই থাকল। তাদের ব্যর্থতায় টেবিলের আটে থেকে
চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট পেল বাংলাদেশ। উভয় দলের পয়েন্ট সমান ৪ হলেও নিট রানরেটে
ডাচদের (-১.৮২৫) চেয়ে অনেক এগিয়ে বাংলাদেশ (-১.০৮৭)।
শ্রেয়াস
আইয়ার (৯৪ বলে ১২৮*) ও লোকেশ রাহুলের (৬৪ বলে ১০২) জোড়া সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত
৫০ ওভারশেষে ভারতের বোর্ডে জমা পড়ে ৪১০ রান। অধিনায়ক রোহিত শর্মা ৫৪ বলে ৬১,
শুভমান গিল ৩২ বলে ৫১ ও বিরাট কোহলি ৫৬ বলে ৫১ রান করে দলের বড় সংগ্রহের ভিত গড়ে
দেন। পরে শ্রেয়াস ও লোকেশের ১২৮ বলে ২০৮ রানের বিস্ফোরক পার্টনারশিপে ভারতের
সংগ্রহটা চারশ ছাড়িয়ে যায়। এ পথে বিশ্বকাপে ভারতের দ্রুততম (৬২ বলে) ও বিশ্বকাপের
ইতিহাসে নবম দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন লোকেশ। চলতি বিশ্বকাপেই আফগানিস্তানের
বিপক্ষে ৬৩ বলে সেঞ্চুরি করেন রোহিত। কাল তাকে টপকে যান লোকেশ।
এই
জয়ে চলতি আসরে একমাত্র অপরাজিত দল হিসেবে সেমিফাইনালে গেল ভারত। শেষ চারের বাকি
তিন দল দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের প্রত্যেকেই কমপক্ষে দুটি
ম্যাচ হেরেছে। তাই আত্মবিশ্বাস নিয়েই সেমিতে যাচ্ছেন রোহিত, কোহলিরা। বুধবার
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে
স্বাগতিক দল। বৃহস্পতিবার অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা লড়াই।










