আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল-২০২৪) মৌসুমের জন্য পাকিস্তানি পেসার মোহাম্মদ হাসনাইনকে দলভুক্ত করল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে হাসনাইনকে সই করানোর কথা জানানো হয়। 

২৩ বছর বয়সী পেসার এরই মধ্যে পাকিস্তানের জার্সিতে নয়টি ওয়ানডে ও ২৭টি টি২০ ম্যাচ খেলেছেন। ওয়ানডেতে ১২টি ও টি২০-তে ২৫টি উইকেট নিয়েছেন। ২০২২ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত আইসিসি টি২০ বিশ্বকাপে পাকিস্তান স্কোয়াডে ছিলেন তিনি। 

তিনি বিশ্বের বেশকিছু টি২০ লিগে খেলার অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। পাকিস্তান সুপার লিগ, বিগ ব্যাশ, দ্য হানড্রেড, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ও লংকা প্রিমিয়ার লিগে খেলেছেন। ১০৪টি টি২০ ম্যাচ খেলে তিনি ১২৪টি উইকেট শিকার করেছেন ২৬.০৫ গড়ে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে এটাই হবে তার প্রথম মৌসুম।