বাংলাদেশের ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপ মিশন শুরু হয় আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে। এরপর ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ভারতের কাছে হেরে যায় টাইগাররা। তবে সবকিছু শেষ হয়ে যায়নি বলে মনে করেন ভারত ম্যাচে সাকিব আল হাসানের অনুপস্থিতিতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেয়া নাজমুল হোসেন শান্ত। পরের সব ম্যাচও বাংলাদেশ জিততে পারে বলে প্রত্যয় ব্যক্ত করলেন এ বামহাতি ব্যাটার। 

পুনে মিশন শেষে বাংলাদেশ দল এখন মুম্বাই নগরীতে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে মঙ্গলবার তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ভারত ম্যাচের ময়নাতদন্ত করে শান্ত বলেন, ‘প্রস্তুতি খুবই ভালো ছিল, সত্যি বলতে। আমরা যে জায়গায় ভুগছিলাম, সেটি ভালো হয়েছে। ওপেনিং ভালো হয়েছে। তবে আমি মনে করি, যে দুজন ব্যাটসম্যান সেট ছিল, তাদের আরো লম্বা করা উচিত ছিল। কারণ উইকেট এমন ছিল যে ওখান থেকে একটা ব্যাটসম্যান যদি ১২০-১৩০ রানের ইনিংস খেলত, তাহলে হয়তো শেষের দিকে ব্যাটসম্যানদের কাজ সহজ হতো।’

পরের ম্যাচগুলোতে দলের প্রত্যাশা নিয়ে তিনি বলেন, ‘পরের ম্যাচ যখন খেলতে নামব, অবশ্যই জেতার জন্যই খেলব। একটা ভালো ম্যাচ দলের মোমেন্টাম বদলে দেবে। এখনো ৫ বাকি। কেউই জানি না এখান থেকে ৪-৫টি ম্যাচ আমরা জিততেও পারি। প্রতিটি ম্যাচ জেতার জন্যই খেলব। আমার মনে হয়, আমরা আমাদের সেরাটা, বিশেষ করে ব্যাটিংয়ের সেরাটা করতে পারিনি। আশা করি সামনের ম্যাচগুলোতে ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে খেলার চেষ্টা করবে এবং এখনো আমার কাছে মনে হয়, অনেক কিছু করার বাকি আছে। গুরুত্বপূর্ণ হলো, আমাদের একটা ভালো ম্যাচ খেলা দরকার।’