সাবেক বাস্কেটবল তারকা ম্যাজিক জনসনকে
বিলিয়নিয়ার ঘোষণা করেছে ফোর্বস। ধনকুবেরদের এ ক্লাবে তিনি চতুর্থ ক্রীড়াবিদ হিসেবে
যোগ দিলেন।
বিবিসি এক প্রতিবেদনে জানায়, জনসনের
সম্পদের আনুমানিক পরিমাণ ১২০ কোটি ডলার।
এক্সক্লুসিভ এ ক্লাবে স্থান করে নেয়া
অন্য বিলিয়নিয়াররা হলেন এনবিএ খেলোয়াড় মাইকেল জর্ডান, লেব্রন জেমস ও গলফার টাইগার
উডস।
একাধিক স্পোর্টস টিমে অংশীদারত্বসহ
অসংখ্য কোম্পানিতে বিনিয়োগ রয়েছে জনসনের। তবে ফোর্বস বলছে, বিমা কোম্পানি থেকে এসেছে
তার সম্পদের বেশিরভাগ অংশ। যা প্রায় ৬০ ভাগ।
১৯৯৬ সালে বাস্কেটবল থেকে অবসর নেয়ার
আগে ৬৪ বছর বয়সী এ খেলোয়াড় এনবিএর ইতিহাসে অন্যতম আইকনিক ব্যক্তিত্ব ছিলেন। তবে এ
খাত থেকে খুব বেশি সম্পদ আসেনি। ফোর্বস জানিয়েছে, এনবিএ ক্যারিয়ার থেকে জনসন চার
কোটি ডলার আয় করেছেন।
এমএলবি’স লস অ্যাঞ্জেলেস ডজার্সসহ তিনটি
লস অ্যাঞ্জেলেস-ভিত্তিক স্পোর্টস দলের মালিকানায় রয়েছেন ম্যাজিক জনসন। যুক্ত আছেন
নামি সিনেমার চেইনের সঙ্গেও।
খেলাধুলার বাইরে স্টারবাকস, বার্গার
কিং, টোয়েন্টি ফোর আওয়ার ফিটনেস এবং জীবন বিমা কোম্পানি ইকুই ট্রাস্টে বিনিয়োগ রয়েছে
তার।
জনসন জানান, ১৯৭০ এর দশকে এনবিএতে খেলার শুরুতে নাইকির সঙ্গে চুক্তি প্রত্যাখ্যান না করলে দ্রুতই একজন বিলিয়নিয়ার হতে পারতেন। এর বদলে বেছে নেন আরেক লাইফ স্টাইল ব্র্যান্ড কনভার্স। যেখান থেকে বছরে পেতেন এক লাখ ডলার। এর তিন দশক পর খোদ কনভার্সকে কিনে নেয় নাইকি।










