ফ্রেঞ্চ ওপেনে শীর্ষ বাছাই সিমোনা হালেপের বিদায়ঘণ্টা বাজিয়ে দিলেন ১৯ বছর বয়সী পোলিশ খেলোয়াড় ইগা সুইয়াটেক। আজ রোববার চতুর্থ রাউন্ডের ম্যাচে সাবেক চ্যাম্পিয়ন হালেপকে ৬-১, ৬-২ গেমে গুঁড়িয়ে দিয়ে সবার আগে কোয়ার্টার ফাইনালে নাম লেখান তিনি। 

এক নম্বর খেলোয়াড় অ্যাশলেই বার্টির অনুপস্থিতি আর দ্বিতীয় রাউন্ড থেকে সেরেনা উইলিয়ামসের নাম প্রত্যাহার করে নেয়ার পর নারী এককে হালেপই ছিলেন হট ফেভারিট। কিন্তু আজ অচেনা সুইয়াটেকের বিপক্ষে তিনিও ছিলেন যেন অচেনা। একপেশে ম্যাচে তাকে হারালেন সুইয়াটেক। ২০১৮ সালে এখানে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম জয় করেন হালেপ। 

কোয়ার্টার ফাইনালে ইগা খেলবেন ইতালির মার্টিনা ট্রেভিসানের বিপক্ষে, যিনি আজ ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে দেন বেলজিয়ামের সপ্তম বাছাই খেলোয়াড় এলিস মের্টেনসকে।  

এদিকে শনিবার কলম্বিয়ান কোয়ালিফায়ার ড্যানিয়েল এলাহি গ্যালানকে ৬-০, ৬-৩, ৬-২ গেমে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের শেষ ষোলোয় জায়গা করে নেন ছেলেদের এককে শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ। 

৩৩ বছর বয়সী খেলোয়াড় কারিয়ারের ১৮তম গ্র্যান্ড স্লামের মিশনে নেমেছেন প্যারিসে। গত মাসে ইউএস ওপেনে দ্বিতীয় রাউন্ডে খেলার সময় লাইন জাজেসের গায়ে বল মেরে দুর্ভাগ্যজনকভাবে ডিসকোয়ালিফায়েড হন তিনি। এ সুযোগে ক্যারিয়ারে প্রথমবারের মতো শিরোপা জিতে নেন অস্ট্রিয়ার ডমিনিক থিয়েম। 

রোলাঁ গারোঁয় অমন অনাকাঙ্খিত ভুল আর করতে চান না জোকোভিচ। সেই সঙ্গে শুরু থেকে পারফরম্যান্সও বেশ নিখুঁত হচ্ছে তার। শনিবার রাতে প্রথম সেটটি তিনি জিতে নেন ২৫ মিনিটে। এখন পর্যন্ত তিন ম্যাচে মাত্র ১৫টি গেম হেরেছেন তিনি। চতুর্থ রাউন্ডে রাশিয়ার কারেন খাচানভের মুখোমুখি হবেন জোকোভিচ।

বিশ্বের ১৫৩ নম্বর খেলোয়াড় টানা আট গেম হারের পর যখন প্রথম গেম জিতে নেন তখন দর্শক করতালি দিয়ে তাকে অভিনন্দন জানায়। যদিও ৩৮ উইনার্স নিয়ে সহজ জয় পান জোকোভিচ। এ নিয়ে টানা ১১ মৌসুম রোলাঁ গারোঁয় শেষ ষোলোয় উঠলেন সার্বিয়ান খেলোয়াড়।     

শেষ বত্রিশের ম্যাচে জয় শেষে জোকোভিচ বলেন, ‘মনে হয় আমি ঠিকমতোই খেলতে পেরেছি। কিছু দারুণ শট খেলেছি, বেসলাইনেও ভালো খেলেছি।’

শনিবার নারী এককে যুক্তরাষ্ট্রের ড্যানিয়েলে কলিন্সের কাছে হেরে গেছেন সাবেক চ্যাম্পিয়ন স্পেনের গারবিনে মুগুরুজা। আরেক সাবেক চ্যাম্পিয়ন ইয়েলেনা ওস্তাপেঙ্কোকে সরাসরি সেটে হারিয়ে বিদায় করেন স্পেনের পলা বাদোসা। সপ্তম বাছাই চেক তারকা পেত্রা কেভিতোভা হারান কানাডিয়ান টিনএজ লেইলাহ ফার্নান্দেজকে। শেষ ষোলোয় তিনি মুখোমুখি হবেন স্পেনের ঝ্যাং সুয়াইয়ের। অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন সোফিয়া কেনিন সরাসরি সেটে হারান রোমানিয়ান কোয়ালিফায়ার ইরিনা বারাকে। 

অষ্টম বাছাই আরিনা সাবালেঙ্কাকে হারিয়েছেন তিউনিসিয়ার ওনস জাবেউর। 

সূত্র: বিবিসি ও ফ্রেঞ্চ ওপেন