এ জয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ ভুটানকে পেয়েছে ভারত, আর পিটার বাটলারের বাংলাদেশকে মোকাবেলা করতে হবে ইনফর্ম নেপালকে।

গোয়ার জওয়াহেরলাল নেহরু স্টেডিয়ামে গতকাল ‘এ’ গ্রুপ ম্যাচে শ্রীলংকাকে ২-০ গোলে হারিয়ে গ্রুপসেরা হয়ে সেমিফাইনালে উঠেছে গত তিন আসরের রানার্সআপ নেপাল। ‘এ’ গ্রুপের রানার্সআপ হয়ে সেরা চারে গেছে ভুটান। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ, রাত সাড়ে ৮টায় ভারত খেলবে ভুটানের বিপক্ষে। ৫ জুন অষ্টম আসরের ফাইনাল।

এবার অপ্রতিরোধ্য ভারত। মালদ্বীপকে ১১-০ গোলে হারিয়ে ‘বি’ গ্রুপে যাত্রা রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়নদের। একই দেশকে ৪-২ ব্যবধানে হারায় বাংলাদেশ। গ্রুপসেরা হতে ভারতের বিপক্ষে বাটলারের দলকে জিততেই হতো। তবে জয় তো দূরে থাক, ন্যূনতম লড়াইও করতে পারেননি ঋতুপর্ণা-মারিয়ারা।

৩৬তম মিনিটে রক্ষণে কোহাতির ভুলে ভারতকে এগিয়ে দেন পিয়ারি সাসা। ৭৭তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন লিন্ডা কম। শেষদিকে মালভিকার গোলে ভারতের দাপুটে জয় নিশ্চিত হয়ে যায়।

সাফ চ্যাম্পিয়নশিপে আটবারের মুখোমুখিতে ভারত পাঁচবার ও বাংলাদেশ দুবার জিতেছে। ড্র হয়েছে একটি ম্যাচ। এছাড়া সাত আসরের মধ্যে ভারত পাঁচবার ও বাংলাদেশ দুবার শিরোপা জিতেছে।