জবাবে জিম্বাবুয়ে ৮ উইকেটে ১৮৪ রান তুলতে সমর্থ হয়। ভারতের এ জয়ে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠে যায় দক্ষিণ আফ্রিকা, যারা গতকাল বিকালের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটে হারিয়ে অপেক্ষায় ছিল।
ভারতের কাছে জয় ভিন্ন কোনো সমীকরণ ছিল না। এছাড়া সেমিফাইনালে যেতে নিট রানরেট ‘ফ্যাক্টর’ হয়ে ওঠায় গতকাল ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই মারমুখী হয়ে খেলেন ভারতীয়রা। ১৫ বলে ২৪ রান করে আউট হয়ে যান সাঞ্জু স্যামসন, দলের সংগ্রহ তখন ২২ বলে ৪৮। এরপর দ্বিতীয় উইকেটে ৪২ বলে ৭২ রান যোগ করেন ইশান কিশান ও অভিষেক শর্মা। ২৪ বলে ৩৮ রান করেন অভিষেক। ২৪ বলে ৩৮ রান করেন ইশান। ২৬ বলে ফিফটি করেন অভিষেক (৩০ বলে ৫৫)। এরপর হার্দিক পান্ডিয়া এসে ফিফটি করেন ২৩ বলে। সেই সঙ্গে তিলক ভার্মা ১৬ বলে ৪৪ ও সূর্যকুমার যাদব ১৩ বলে ৩৩ রান করলে ভারত পেয়ে যায় আড়াইশ-ঊর্ধ্ব সংগ্রহ।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে এটা দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে ২৬০ রান তুলেছিল শ্রীলংকা, যেটি এখনো বিশ্বকাপের রেকর্ড। চলতি বিশ্বকাপে এ নিয়ে দ্বিতীয়বার আড়াইশ পেরোলেও লংকানদের রেকর্ডটা এখনো অক্ষত। ২৩ ফেব্রুয়ারি ওয়াংখেড়ে স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষেই ২৫৪ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ।
এর আগে ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারায় দক্ষিণ আফ্রিকা। আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকাকে ১৭৭ রানের টার্গেট দিয়েও জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। একপেশে ম্যাচে ২৩ বল হাতে রেখে ক্যারিবীয়দের হারিয়ে দিয়েছে গতবারের রানার্সআপরা। চলতি আসরে শতভাগ জয়ের রেকর্ড ধরে রাখল এইডেন মার্করামের দল।
টস হেরে ব্যাটিং করতে নামা ক্যারিবীয়রা ৮৩ রানে ৭ উইকেট হারিয়ে বসে। ধারণা করা হচ্ছিল, শোচনীয়ভাবে হারবে ক্যারিবীয়রা। যদিও সেখান থেকে অবিশ্বাস্য লড়াই গড়ে তুলল ‘মেরুন’রা। ৫৭ বলে ৮৯ রানের জুটি গড়ে দলকে ১৭৬ রানের পুঁজি এনে দেন টেল-এন্ডার রোমারিও শেফার্ড ও জেসন হোল্ডার। তাদের সংগ্রহ ১৩০ নিয়েই সংশয় ছিল, অথচ ১৮ ওভার শেষে দাঁড়ায় ১৬৩/৭। যদিও শেষটা আবার ভালো হয়নি। শেষ দুই ওভার থেকে তারা মাত্র ১৩ রান তুলতে পেরেছে।
যদিও বিফলেই যায় ক্যারিবীয়দের ব্যাটিং প্রদর্শনী। অধিনায়ক এইডেন মার্করাম ও কুইন্টন ডি কক ওপেনিং জুটিতেই ৮ ওভারে ৯৫ রান তুলে দিলে দক্ষিণ আফ্রিকার জয়ের সম্ভাবনা বেড়ে যায়। এরপর দ্বিতীয় উইকেটে মার্করাম ও রায়ান রিকেলটন ৫০ বলে ৮২ রান তুলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তাদের দাপটে ৯ উইকেট ও ২৩ বল হাতে রেখে জয় পায় প্রোটিয়ারা।
রোববার বিকালে শেষ ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা, ওইদিন রাতে ভারত-উইন্ডিজ ‘নকআউট’ ম্যাচ। নিট রানরেটে এগিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ পরিত্যক্ত হলে ভারত বিদায় নেবে।










