রাশিয়ার অনূর্ধ্ব-১৭ দলকে উয়েফায় পুনর্বহাল করা হচ্ছে। সাম্প্রতিক এ ঘোষণার পরপরই ইউক্রেন জানায়, রাশিয়া অংশগ্রহণ করবে এমন টুর্নামেন্টে তারা খেলবে না। পাশাপাশি ইউরোপের কিছু দেশ একই প্রতিক্রিয়া দেখিয়েছে। খবর দ্য গার্ডিয়ান।

এক বিবৃতিতে উয়েফাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে ইউক্রেনীয় ফুটবল অ্যাসোসিয়েশন (ইউএএফ)।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণের পর রুশ জাতীয় ও ক্লাব পর্যায়ের দলগুলো উয়েফার প্রতিযোগিতা থেকে বাদ পড়ে। প্রায় দেড় বছর পর উয়েফা ২৬ সেপ্টেম্বর জানায়, শিশুদের এমন কাজের জন্য শাস্তি দেয়া উচিত নয় যার দায় একচেটিয়াভাবে প্রাপ্তবয়স্কদের। রুশ অনূর্ধ্ব-১৭ দল এই মৌসুমে উয়েফার প্রতিযোগিতায় পুনরায় অংশ নিতে পারবে।

ইউএএফ এক বিবৃতিতে জানায়, রুশ অনূর্ধ্ব-১৭ টিমকে ফেরত নেয়ার বিষয়ে উয়েফার আজকের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছে ইউএএফ। রাশিয়ান দলগুলো অংশগ্রহণ করবে এমন কোনো প্রতিযোগিতায় আমরা অংশ নেব না। অন্যান্য উয়েফা সদস্যদের কাছে রাশিয়ার সঙ্গে সম্ভাব্য ম্যাচ বয়কট করার আবেদন করছি।

ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, আমাদের যুব দলগুলো রাশিয়ার সঙ্গে খেলবে না। পোলিশ এফএর সভাপতি সেজারি কুলেজা সামাজিক মাধ্যমে এক্সে লিখেছেন, আমাদের জাতীয় দল তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে না। এটাই একমাত্র সঠিক সিদ্ধান্ত।

পুরুষদের অনূর্ধ্ব-১৭ ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ আগামী বছর সাইপ্রাসে অনুষ্ঠিত হবে ও নারীদের টুর্নামেন্ট হবে সুইডেনে।