কভিড-১৯ মহামারীতে রঙহীন ফ্রেঞ্চ ওপেনকে আরেকটু বিবর্ণ করে দিলেন সেরেনা উইলিয়ামস। ২৪ গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড ছোঁয়ার মিশনে গত মাসে ইউএস ওপেনের সেমিফাইনাল খেলা সেরেনা প্যারিসে থামলেন দ্বিতীয় রাউন্ডেই। অবশ্য রোলাঁ গারোঁয় ম্যাচে হেরে নয়, চোটের কাছে হেরে নাম প্রত্যাহার করে নেন তিনি। অ্যাকিলিস চোটের কারণে বুধবার বুলগেরিয়ান খেলোয়াড় সভেতানা পিরনকোভার বিপক্ষে কোর্টেই নামা হয়নি তার। এতে না খেলেই তৃতীয় রাউন্ডের টিকিট পান পিরনকোভা।

অস্ট্রেলিয়ান গ্রেট মার্গারেট কোর্টের ২৪ গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড ছোঁয়ার এটা ছিল সেরেনার নবম মিশন। এবারো হলো না। চোটের কাছে হার মেনে বিদায় নেয়া ৩৯ বছর বয়সী মহাতারকা বলেন, ‘চার থেকে ছয় সপ্তাহ কিছুই না করে শুধু বসে কাটানো প্রয়োজন আমার। হাঁটতেই সমস্যা হচ্ছিল, কাজেই এটা এই ইঙ্গিত দিচ্ছে যে, আমাকে সেরে ওঠার চেষ্টা করতে হবে। অ্যাকিলিস এমন একটা চোট যা নিয়ে আপনি খেলতে চাইবেন না-আমি মনে করি এটা অন্যতম বাজে চোট, এটা যেন কারো না ঘটে। আমি এ থেকে সেরে উঠতে আশাবাদী।’

ভিক্টোরিঙ্কা আজারেংকার বিপক্ষে ইউএস ওপেন সেমিফাইনাল খেলার সময় এই অ্যাকিলিসে চোট পান সেরেনা। সোমবার প্রথম রাউন্ডে স্বদেশী ক্রিস্টি আহনকে হারালেও সেরেনা জানান, শারীরিকভাবে তিনি ধুঁকছিলেন। তার কথায়, ‘দ্বিতীয় সেট থেকেই আমি অনুভব করি খানিকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হয়। জানি না এ বছর আরেকটি টুর্নামেন্ট খেলতে পারব কিনা। এটা পরিষ্কার কোনো চোট নয়, এটা বিরক্তিকর চোট। সত্যিই আমার কপাল খারাপ।’

২০০২, ২০১৩ ও ২০১৫ সালে ফ্রেঞ্চ ওপেন জয় করেন সেরেনা। বর্তমানে তিনি নারীদের র‌্যাংকিংয়ে নবম স্থানে রয়েছেন।

সেরেনার দুঃখের দিন বিদায় নিয়েছেন বেলারুশের আজারেংকা ও যুক্তরাষ্ট্রের টিনএজ কোকো গাফ। ৩১ বছর বয়সী আজারেংকাকে সরাসরি সেটে হারিয়ে চমক দেখালেন ১৬১ র‌্যাংকধারী খেলোয়াড় স্লোভাকিয়ার আনা ক্যারোলিনা স্মিয়েদলোভা। উঠতি খেলোয়াড় ১৬ বছর বয়সী কোকো গাফকে হারিয়েছেন মার্টিনা ট্রেভিসান। 

অঘটনের দিন জিতেছেন শীর্ষ বাছাই সিমোনা হালেপ ও তৃতীয় বাছাই এলিনা সভিতোলিনা। ২০১৮ সালে রোলাঁ গারোঁয় ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম জয় করা হালেপ সরাসরি সেটে হারান স্বদেশী ইরিনা ক্যামেলিয়া বেগুকে। তৃতীয় রাউন্ডে তিনি মুখোমুখি হবেন আমান্দা আনিসিমোভাকে। মেক্সিকোর বাছাই খেলোয়াড় রেনাতা জারাজুয়াকে ৬-৩, ০-৬, ৬-২ গেমে হারান ইউক্রেনিয়ান খেলোয়াড় সভিতোলিনা।

ছেলেদের এককে জিতেছেন আলেক্সান্ডার জেভেরেভ, ডমিনিক থিয়েম, স্তান ভাভরিঙ্কা ও দিয়েগো শোয়ার্টজম্যান।

সূত্র: বিবিসি