নৌপরিবহন প্রতিমন্ত্রী
ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বিশ্বে টেনিস
একটি মার্জিত ও অভিজাত খেলা। টেনিস খেলা দেখার জন্য অনেক সেলিব্রেটিরা টেনিস কোর্টে
বসে থাকেন। আমাদের টেনিস খেলোয়াড়রা সমগ্র বিশ্বে দেশকে পরিচয় করে দেবে। ২০২৫ সালে
টেনিস দিয়ে সমগ্র পৃথিবী বাংলাদেশকে চিনবে। টেনিস খেলোয়াড়রা গুরুত্বপূর্ণ ভূমিকা
রাখবে।
আজ শুক্রবার
(১৫ সেপ্টেম্বর) ঢাকায় উত্তরা ক্লাবে ‘উত্তরা ক্লাব টেনিস কার্নিভালে’ প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন
প্রতিমন্ত্রী।
খালিদ মাহমুদ
চৌধুরী বলেন, টেনিস খেলা একসময় সর্বসাধারণের মুখে মুখে ছিল। টেনিসকে নিয়ে মানুষ চিন্তা
করত, খেলত। ৫০ বছর আগে বিভাগীয় পর্যায়ে, জেলা পর্যায়ে, এমনকি থানা পর্যায়ে টেনিস
খেলার প্রচলন ছিল। সেই জায়গা থেকে টেনিস পিছিয়ে
আছে। অনেক খেলা এগিয়ে গেছে। ফুটবল, হকি খেলোয়াড়দের নাম মানুষের মুখে মুখে ছিল। এখন
অনেকটা পিছিয়ে। এখন ক্রিকেট জায়গা করে নিয়েছে। টেনিস পিছিয়েছে। এটা সাংগঠনিক দুর্বলতা।
যুগের সাথে তাল মিলিয়ে টেনিস এগিয়ে যেতে পারেনি।
সাবেক টেনিস
খেলোয়াড় ও সংশ্লিষ্ট সকলকে দল মত নির্বিশেষে টেনিস খেলাকে এগিয়ে নিতে তিনি সহযোগিতার
আহ্বান জানান। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের
ঐক্য ধরে রাখতে খেলাধুলা ও সংস্কৃতির বিকল্প নেই।
অনুষ্ঠানে অন্যান্যের
মধ্যে বক্তব্য রাখেন ক্লাবের পরিচালক গোলাম মাওলা, ক্লাবের পরিচালক সুলতান মইন আহমেদ
রবিন, বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক এ এস এম হায়দার। এস এম হায়দারের
স্পন্সরশিপে এবং বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহযোগিতায় এ কার্নিভাল অনুষ্ঠিত হয়।










