সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে আজ মঙ্গলবার প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং নেয়া বাংলাদেশ ২ উইকেটে ১০৪ রান তুলে মধ্যাহ্নভোজের বিরতিতে যায়। পুনরায় খেলা শুরুর পর এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৩১ ওভারে ছিল ১১৬/২। মাহমুদুল হাসান জয় ৯৫ বলে ৫৩ ও মুমিনুল হক ১৫ বলে ৪ রানে ব্যাট করছিলেন।

উদ্বোধনী জুটিতে জাকির হাসান ও মাহমুদুল হাসান ৩৯ রান তুলে বিচ্ছিন্ন হন। ৪১ বলে ১২ রান করে স্পিনার আজাজ প্যাটেলের শিকার হন জাকির। আজাজের টেস্টে ১০ উইকেট শিকারের কীর্তি আছে।

দ্বিতীয় উইকেটে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও জয় ৭১ বলে ৫৩ রান যোগ করেন। শান্ত ৩৫ বলে ৩৭ রানের ঝড়ো ইনিংস খেলে সাজঘরের পথ ধরেন। গ্লেন ফিলিপসের বলে তিনি কেন উইলিয়ামসনকে ক্যাচ দেন। ২টি চার ও ৩টি ছক্কায় ইনিংসটি সাজান শান্ত। এরপর মাহমুদুল হাসানের সঙ্গে যোগ দেন সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল। 

এই ম্যাচে বাংলাদেশের হয়ে অভিষেক ঘটেছে ২১ বছর বয়সী অফস্পিনার শাহাদাত হোসেনের। এক পেসার ও চার স্পিনার নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ।

সিলেটে দ্বিতীয়বারের মতো টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। ২০১৮ সালে প্রথম টেস্টে জিম্বাবুয়ের কাছে হেরেছিল বাংলাদেশ।

ঠিক ১০ বছর পর বাংলাদেশের মাটিতে টেস্ট খেলতে নেমেছে নিউজিল্যান্ড। অবশ্য মাঝের সময়ে দুই দল মুখোমুখি হয়েছে। ২০১৭, ২০১৯ ও ২০২২ সালে নিউজিল্যান্ডের মাঠে ছয়টি টেস্ট খেলেছে বাংলাদেশ।