চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে আজ বিশ্বকাপ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে বিশ্বকাপে ফিরেছেন কিউই দলনায়ক কেন উইলিয়ামসন। তিনি টস জিতে বোলিং বেছে নেন।

স্পিনার শেখ মেহেদী হাসানের জায়গায় আজ বাংলাদেশ দলে এসেছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ, যিনি ২০১৫ সালের বিশ্বকাপে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন। তার অভিজ্ঞতা কাজে লাগাতেই একাদশে ফেরানো হয়েছে।

টস হেরে সাকিব বলেছেন, তিনি কী বেছে নিতেন তা নিয়ে ছিলেন দ্বিধাদ্বন্দ্বে। তবে ব্যাটিং পেয়ে তিনি খুশিই।

উইলিয়ামসন বলেছেন, উইকেট বেশ ভালো এবং রাতের দিকে শিশির পড়তে পারে।

উইল ইয়াংয়ের জায়গায় তিনি দলে এসেছেন বলে জানান কেন উইলিয়ামসন।

ধর্মশালায় বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছে ১৩৭ রানে পরাজিত বাংলাদেশের সামনে এবার আরেকটি বড় চ্যালেঞ্জ। লড়তে হবে টানা দুই বিশ্বকাপের রানার্সআপ নিউজিল্যান্ডের সঙ্গে। ওয়ানডে ফরম্যাটে ৪১ ম্যাচের মুখোমুখি লড়াইয়ে তারা ৩০টিতে জিতে এগিয়ে রয়েছে। বিশ্বকাপেও পাঁচ লড়াইয়ে তারাই জিতেছে সবগুলো ম্যাচ। চলতি আসরে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৯ উইকেটে ও নেদারল্যান্ডসকে ৯৯ রানে হারিয়ে কিউইরা এখন উড়ছে।

বাংলাদেশ একাদশ

তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ

ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লোকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।