ব্যালন ডি’অর জয়ে এ বছরই সবাইকে পেছনে ফেলে ইতিহাস গড়েছেন লিওনেল মেসি। সর্বোচ্চ ছয়বার ব্যালন ডি’অর জয়ের গর্বিত ফুটবলার একমাত্র তিনিই। আর্জেন্টিনার হয়ে কোপায় ব্যর্থ হয়েছেন, বার্সেলোনার জার্সিতেও জিততে পারেননি ইউরোপের সর্বোচ্চ প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। তবে মেসির একক নৈপুণ্য ও অর্জন ছিল ঈর্ষণীয়। তারই পুরস্কার হিসেবে ভার্জিল ফন ডাইক ও ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছনে ফেলে আর্জেন্টাইন ফরোয়ার্ড হাতে তুলেছেন মর্যাদাপূর্ণ ব্যালন ডি’অর ট্রফি। মাঠের পারফরম্যান্সের মতো মাঠের বাইরেও মেসির জয়জয়কার। ২০১৯ সালে বিশ্বের সর্বোচ্চ আয়কারী অ্যাথলিট ৩২ বছর বয়সী এ ফুটবলার! ২০১৮-এর জুন থেকে ২০১৯ সালের জুন পর্যন্ত অর্থবছরে তিনি ঘরে তুলেছেন ১২৭ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশী মুদ্রায় যা প্রায় ১ হাজার ৭৮ কোটি ৫৬ লাখ টাকা। ব্যালন ডি’অর জয় ও চলতি মৌসুমে দুরন্ত পারফরম্যান্স বলছে, আগামী মৌসুমেও আয়ে বাজিমাত করবেন মেসি। এদিকে গত এক দশকের আয়ে সবার উপরে যুক্তরাষ্ট্রের বক্সিং কিংবদন্তি ফ্লওয়েড মেওয়েদার। এ সময় তিনি আয় করেন ৯১৫ মিলিয়ন ডলার বা প্রায় ৭ হাজার ৭৭০ কোটি ৭৫ লাখ টাকা।
যুক্তরাষ্ট্রের বিজনেস সাময়িকী ফোর্বস তিন দশক ধরে বিশ্বব্যাপী অ্যাথলিটদের আয়ের খোঁজখবর রাখছে। তাদের হিসাব বলছে, ১৯৯০ সালের পর এখন পর্যন্ত মোট সাতজন অ্যাথলিট শীর্ষস্থানে ওঠার গৌরব দেখিয়েছেন, যাদের অন্যতম মেসি। তবে রেকর্ড ১২ বার শ্রেষ্ঠত্বের মুকুট পরেছেন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি গলফার টাইগার উডস। এবারের তালিকায় মেসির পরই রোনালদো ও নেইমার। ১৯৯০ সালে ফোর্বসের র্যাংকিং চালু হওয়ার পর এই প্রথম শীর্ষ তিনটি স্থান দখল করলেন ফুটবলাররা।
র্যাংকিং করার সময় ১০০টি ভিন্ন খেলা ও ২৫টি দেশকে বিবেচনায় নেয়া হয়। এতে অ্যাথলিটদের পারিশ্রমিক, প্রাইজমানি ও এনডোর্সমেন্টকে যোগ করে মোট আয় বের করা হয়েছে। কারো পারিশ্রমিক বেশি, কারো আবার এনডোর্সমেন্ট খাত থেকে আয় বেশি। ২০১৯ সালের শীর্ষ আয়কারী অ্যাথলিটদের দিকে চোখ বুলিয়ে নেয়া যাক।
লিওনেল মেসি (১২৭ মিলিয়ন ডলার): আর্জেন্টাইন ফরোয়ার্ড বার্সেলোনার কাছ থেকে পারিশ্রমিক হিসেবেই এ বছর আয় করেন ৯২ মিলিয়ন ডলার। এছাড়া এনডোর্সমেন্ট খাতে তাকে ৩৫ মিলিয়ন দিয়েছে আর্থিক সহযোগী এডিডাস, মাস্টারকার্ড, পেপসিকো ও অন্যান্য কোম্পানি। গত ১৯ বছরের মধ্যে চতুর্থ অ্যাথলিট হিসেবে আয়ে এক নম্বরে উঠলেন মেসি। তিনি যোগ দিয়েছেন টাইগার উডস (১২), ফ্লওয়েড মেওয়েদার (৪) ও রোনালদোর (২) সঙ্গে। মেসি জায়গা নিলেন মেওয়েদারের, যিনি রিং থেকে অবসর নিয়েছেন।
ক্রিস্টিয়ানো রোনালদো (১০৯ মিলিয়ন): পাঁচবারের ব্যালন ডি’অর চ্যাম্পিয়ন










