ভারত-পাকিস্তান সংঘাতের পর পুনরায় শুরু হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় দিন আজ রোববার রাজস্থান রয়্যালসকে ১০ রানে হারিয়ে প্লে-অফের কাছাকাছি পৌঁছে গেছে পাঞ্জাব কিংস। আগে ব্যাটিং করে ৫ উইকেটে ২১৯ রানের সৌধ গড়ে পাঞ্জাব। জবাবে রাজস্থান ৭ উইকেটে ২০৯ রান তুলতে সমর্থ হয়।

নেহাল ওয়াধেরা (৩৭ বলে ৭০), শশাঙ্ক সিং (৩০ বলে ৫৯*), শ্রেয়াস আইয়ার (২৫ বলে ৩০) ও আজমতুল্লাহ ওমরজাইয়ের (৯ বলে ২১*) ব্যাটে ভর করে দুশোর্ধ্ব সংগ্রহ গড়ে পাঞ্জাব। জবাবে উড়ন্ত সূচনা করে রাজস্থান। জশস্বী জয়সোয়াল (২৫ বলে ৫০) ও ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশী (১৫ বলে ৪০) ওপেনিং জুটিতে ২৯ বলে ৭৬ রান তুলে দিলে জয়ের সম্ভাবনা তৈরি হয় রাজস্থানের। এরপর ধ্রুব জুরেলের (৩১ বলে ৫৩) ফিফটির পরও বাকিদের ব্যর্থতায় জেতা হয়নি রাজস্থানের।

এই জয়ের পর এক নম্বর দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ধরে ফেলেছে পাঞ্জাব। দুই দলেরই সংগ্রহ ১২ ম্যাচে ১৭ পয়েন্ট। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তাদের পরেই গুজরাট টাইটানস।

২০১৪-১৫ মৌসুমের পর প্লে-অফ খেলা হয়নি পাঞ্জাবের। এবার সেই সম্ভাবনা তৈরি হয়েছে।

এদিকে, আজ রাতের ম্যাচে বাংলাদেশি পেস বোলার মুস্তাফিজুর রহমানকে একাদশে রেখেই গুজরাট টাইনসের বিপক্ষে মাঠে নেমেছে দিল্লি ক্যাপিটালস। ‘ফিজ’ শনিবার রাতে শারজায় আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের হয়ে খেলেছেন। ২৪ ঘন্টার মধ্যে তিনি এবার আইপিএলের ম্যাচে মাঠে নামলেন। গুজরাট টস জিতে দিল্লিকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে।