আইসিসি ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।  প্রথম ম্যাচে আফগানদের বিপক্ষে বড় জয়ে ফুরফুরা মেজাজে আছে সাকিবরা।  জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবে টাইগাররা।

মঙ্গলবার (১০ অক্টোবর) ভারতের হিমাচল প্রদেশের ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১১টায় ম্যাচটি শুরু হবে।

যদিও সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে পারফরমেন্স আশারনুরূপ নয়।  তবে ইংলিশদের বিপক্ষে জয়ের আশা নিয়েই মাঠে নামবে টাইগাররা।

আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠের মতো উইকেট পেয়ে বল হাতে জ্বলে ওঠে স্পিনাররা। এ ম্যাচে ৬ উইকেট তুলে নেন মিরাজ ও সাকিব।  মন্থর ও নিচু উইকেটে ইংল্যান্ডের হতাশাজনক অতীত রেকর্ডও বাংলাদেশের জয়ের আশাকে আরো বাড়িয়ে দিয়েছে।

এছাড়া নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটে হারের কারণে কিছুটা হলেও চাপে রয়েছে ইংল্যান্ড।

বাংলাদেশ দলের স্পিন কোচ রঙ্গনা হেরাথ বলেন, আমরা আমাদের নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট খেলব।  প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে যে পরিকল্পনায় ম্যাচ জিতেছি, সেভাবেই খেলতে চাই আমরা।

 

বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতলেও, একই ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে ইংল্যান্ড।  এখন পর্যন্ত ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে ২৪ ম্যাচ খেলে ৫টিতে জিতেছে বাংলাদেশ।  ১৯টিতে ইংল্যান্ড।  কিন্তু বিশ্বকাপে দুদলের জয়-হারের রেকর্ড সমান ২-২।