প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিয়ে ফ্রেঞ্চ ওপেনে নারী এককের শেষ ষোলোয় উঠলেন শীর্ষ বাছাই সিমোনা হালেপ। আজ শুক্রবার তৃতীয় রাউন্ডে যুক্তরাষ্ট্রের আমান্ডা আনিসিমোভাকে ৬-১, ৬-০ গেমে হারান টুর্নামেন্টের সাবেক চ্যাম্পিয়ন।

মাত্র ৫৪ মিনিটে প্রতিপক্ষকে বিধ্বস্ত করে ২৯ বছর বয়সী হালেপ বুঝিয়ে দিলেন, তিনি এবার শিরোপার সবচেয়ে বড় দাবিদার। ২০১৮ সালে রোলাঁ গারোঁয় ক্যারিয়ারের একমাত্র গ্র্যান্ড স্লামটি জয় করেন রোমানিয়ান এই তারকা। এখানে আরেকটি শিরোপার পথে এগিয়ে যেতে এবার তিনি মুখোমুখি হবেন পোলিশ টিনএজ ইগা সুইয়াটেকের। 

আজ নারী এককে শেষ ষোলোর টিকিট কেটেছেন ইউক্রেনের এলিনা সভিতোলিনা ও পোল্যান্ডের সুইয়াটেক। সভিতোলিনা ৬-৪, ৭-৫ গেমে রাশিয়ার একাতেরিনা আলেক্সান্দ্রোভাকে আর সুইয়াটেক ৬-৩, ৬-৩ গেমে কানাডার ইউজেনি বুশারকে হারান। এছাড়া আর্জেন্টিনার নাদিয়া পোদোরস্কা ৬-৩, ৬-২ গেমে স্লোভাকিয়ার আনা ক্যারোলিনা স্মিয়েদলোভাকে হারিয়ে শেষ ষোলোর টিকিট পান।  

পুরুষ এককে শেষ ষোলোয় উঠেছেন ইউএস ওপেন চ্যাম্পিয়ন ডমিনিক থিয়েম। নরওয়ের ২১ বছর বয়সী খেলোয়াড় ক্যাপসার রাডকে ৬-৪, ৬-৩, ৬-১ গেমে হারান অস্ট্রিয়ান তারকা। রেকর্ড ১২ বারের চ্যাম্পিয়ন স্পেনের রাফায়েল নাদাল আজ খেলবেন ইতালির স্তেফানোস ত্রাভালিয়ার বিপক্ষে। 

সূত্র: বিবিসি