ঘরের মাঠের বিশ্বকাপে টানা তিন ম্যাচ জিতে উড়ছে ভারত। বাংলাদেশ অবশ্য প্রথম ম্যাচ জিতলেও টানা দুটি ম্যাচ হেরে আত্মবিশ্বাস তলানিতে ঠেকেছে। আত্মবিশ্বাস ফেরাতে আজ জয়ের লক্ষ্যে খেলতে টসে জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে তারা। বরাবারের মতো ওপেনিংয়ে ব্যাট করতে নেমেছে তানজিদ তামিম আর লিটন দাস । তবে এদিন যশপ্রীত বুমরার পর মোহাম্মদ সিরাজের করা প্রথম ২ ওভারে সতর্কই থেকেছেন লিটন দাস ও তানজিদ হাসান। প্রথম ৩ বল খেলে কোনো রান করেননি লিটন। তানজিদ অবশ্য সিরাজের অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করে মেরেছেন চার। তবে সে বলটি উঠেছিল, কাভারে থাকা ফিল্ডার ডানদিকে ডাইভ দিয়েও নাগাল পাননি সেটির। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের রান ৮. ৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৪৫ । ক্রিজে তামিম ২৩ আর লিটন ব্যাট করছেন ২০ রানে। 

এর আগে সাকিব না থাকায় টস করেছেন তার ডেপুটি নাজমুল হাসান শান্ত। টসের পর বলেছেন, সম্পূর্ণ ফ্রেশ উইকেট দেখে পর্যাপ্ত রান তুলতে চান তারা। অপর দিকে রোহিত শর্মা বলেছেন, তিনি টস জিতলে শুরুতে বোলিংই নিতেন। কারণ শুরুতে বোলিং তাদের অনেক বেশি সুবিধা দিচ্ছে।  

সাকিবের জায়গায় আজ বাংলাদেশ একাদশে ঢুকেছেন স্পিনার নাসুম আহমেদ। চলতি আসরে আজই প্রথম খেলার সুযোগ পেলের এই বামহাতি স্পিনার। এছাড়া পেস বোলার তাসকিন আহমেদের জায়গায় খেলবেন হাসান মাহমুদ। ভারতীয় একাদশে আজ কোনো পরিবর্তন নেই।

ভারত একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, জশপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ।

বাংলাদেশ একাদশ

লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।