ওয়ানডে বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। বাংলাদেশের ইনিংসের ৩০ ওভার খেলা শেষে বৃষ্টি হানা দেয়। এর আগে বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করেছে। মেহেদী হাসান মিরাজ ৬০ রানে এবং তাওহিদ হৃদয় ৫ রানে অপরাজিত আছেন।

সোমবার (২ অক্টোবর) আসামের গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।বিশ্বকাপের নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ব্যাটিংয়ে নেমে শুরুতেই লিটন দাস ও নাজমুল হোসেন শান্তর উইকেট হারায় বাংলাদেশ। ইনিংসের ২ ওভার এক বলের সময় রিস টপলির বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন লিটন। এর আগে ৬ বলে ৫ রান করেন তিনি।

পঞ্চম ওভারের শেষ বলে টপলির দ্বিতীয় শিকার হন দেয়া শান্ত। ১০ বলে ২ রানে থার্ড ম্যানে দাঁড়ানো অ্যাটকিনসনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ম্যাচে ২৬ রানেই দুই উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে দলকে টেনে তোলেন তামিম ও মিরাজের জুটি। তবে ব্যক্তিগত ৪৫ রান করে মার্ক উডের বলে বোল্ড হয়ে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম। ৪৪ বলে ৪৫ রানের ইনিংস শেষ হয় তামিমের।

এ ম্যাচে রান পাননি মুশফিকুর রহিম। আদিল রশিদের বলে বোল্ড হওয়ার আগে করেন ১৫ বলে মাত্র ৮ রান। ভালো শুরুর আভাস দিয়েও বেশিক্ষণ টিকতে পারেননি অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ। ২১ বলে একটি করে চার ও ছক্কায় ১৮ রানে আদিল রশিদের বলে লিভিংস্টোনের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি।