দিল্লির
অরুণ জেটলি স্টেডিয়ামে আজ রোববার বিশ্বকাপ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে
বোলিং বেছে নেয় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। যদিও জস বাটলারের পরিকল্পনা
বিফল করে দিয়ে দুর্দান্ত ব্যাটিং করে আফগানরা। মাত্র ৭৭ বলেই ১০০ ছোঁয়া দলটি শেষ
পর্যন্ত ২৮৪ রানে অলআউট হয়েছে।
রহমানুল্লাহ
গুরবাজ উদ্বোধন করতে নেমে ব্যাটে ঝড় বইয়ে দেন। তিনি ৩৩ বলে ফিফটি পূর্ণ করেন। তার
ব্যাটে ভর করেই আফগানরা ৭৭ বলে শতরান পূর্ণ করেন। দলীয় ১১৪ রানের সময় ইব্রাহিম জাদরান
৪৮ বলে ২৮ রান করে আদিল রশিদের শিকার হন। তিনে নামা রহমত শাহও শিকার হন আদিল
রশিদের। ১৯তম ওভারে তাকে স্ট্যাম্পিং করেন বাটলার। ওই একই ওভারে রানআউটের খড়্গে
কাটা পড়েন দুর্দান্ত খেলতে থাকা গুরবাজ।
সেঞ্চুরির
সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ৫৭ বলে ৮ চার ও ৪ ছক্কায় ৮০ রান করে সাজঘরের পথ ধরেন
গুরবাজ। তার আউটের মধ্য দিয়ে আফগানদের রানের গতিও কমে যায়। ভারতের বিপক্ষে ফিফটি
করা দুই ব্যাটার হাশমতউল্লাহ শহিদি ও আজমতউল্লাহ ওমরজাই আজ আশা দেখিয়েও ইনিংস বড়
করতে পারেননি। শহিদি ১৪ ও ওমরজাই ১৯ রান করেন।
মিডল
অর্ডারে নামা ইকরাম আলিখিল টেল-এন্ডের সাহায্য নিয়ে দলের সংগ্রহটা পৌঁনে তিনশ
ছাড়ান। তিনি ৬৬ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৫৮ রান করে রিস টপলির শিকার হন। সীমানার
কাছে স্যাম কারানের হাতে ধরা পড়েন আলিখিল। রশিদ খান (২৩) ও মুজিব-উর-রহমান (২৮)
আফগানদের সংগ্রহটা বড় করতে সাহায্য করেন। ইংলিশ বোলারদের মধ্যে আদিল রশিদ ৪২ রানে
৩টি, মার্ক উড ৫০ রানে ২টি উইকেট নেন।










