ভারতের ঝাড়খণ্ড রাজ্যের জামশেদপুর শহরে আজ শনিবার (৯ সেপ্টেম্বর) হতে টাটা স্টিল এশিয়ান জুনিয়র (অনুর্ধ্ব-২০ বছর) দাবা চ্যাম্পিয়নশিপস-২০২৩ ওপেন ও বালিকা গ্রুপের খেলা শুরু হয়েছে।

আজ অনুষ্ঠিত প্রথম রাউন্ডের খেলায় জুনিয়র গ্রুপে ফিদে মাস্টার মনন রেজা নীড় নেপালের থাপা রিশনকে এবং বালিকা গ্রুপে মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ ভারতের মোদিপাল্লি দীক্ষিতাকে পরাজিত করে শুভ সূচনা করেছেন।

ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া প্রথম রাউন্ডের খেলায় জুনিয়র গ্রুপে ভারতের কুশাগ্রা জেইনের সাথে ড্র করেন এবং আয়ান রহমান ভারতের মায়াঙ্ক চক্রবর্তীর কাছে হেরে যান।

জুনিয়র বালিকা গ্রুপে ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা ভারতের এ চার্বির কাছে হেরে গেছেন। জুনিয়র গ্রুপে ৬ টি দেশের ৮ জন আন্তর্জাতিক মাস্টার ও ১০ জন ফিদে মাস্টারসহ ৫৮ জন এবং জুনিয়র বালিকা গ্রুপে ৬ টি দেশের ৫ জন মহিলা আন্তর্জাতিক মাস্টার ও ৪ জন মহিলা ফিদে মাস্টারসহ ৫২ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন। 

মানহা’স ক্যাসেল ফিদে রেটিং দাবা প্রতিযোগিতা-২০২৩

এদিকে মানহা’স ক্যাসেল ফিদে রেটিং দাবা প্রতিযোগিতা-২০২৩, অনুর্ধ্ব-১৮০০ রেটিংয়ের পঞ্চম রাউন্ডের খেলা শেষে ৫ খেলায় পূর্ণ ৫ পয়েন্ট নিয়ে নাহিদ হাসান এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। চার পয়েন্ট নিয়ে ৯ জন খেলোয়াড় মিলিতভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। তারা হলেন—অমিত বিক্রম রায়, মোল্লাহ মহিউদ্দিন, গিয়াস উদ্দিন আহমেদ, আনিসুজ্জামান মল্লিক, মাহবুবুর রহমান, দ্বীন মোহাম্মদ, জিয়া উদ্দিন, হৃষিত সায়েদ হৃদ ও মনিরুজ্জামান মনি।

দুই দিন ব্যাপী এ প্রতিযোগিতার খেলা শুক্রবার মানহা’স ক্যাসেলের হল রুম, লেবেল-৫, আর এইচ হোম সেন্টার, ৭৪ গ্রিন রোড এ শুরু হয়। আজ চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। চতুর্থ রাউন্ডের খেলায় নাহিদ অমিতকে, দ্বীন গিয়াসকে, আনিস শাকিলকে ও মাহবুব সাইফকে পরাজিত করেন। সিয়াম আরাফাতের সাথে ও মেজবাহ আজাদের সাথে ড্র করেন। পঞ্চম রাউন্ডের খেলায় নাহিদ আনিসকে, অমিত বিক্রমকে, মাহবুব জিলানীকে, মনি আরাফাতকে, মহিউদ্দিন রউফকে, গিয়াস আহনাফকে, হৃদ সিয়ামকে ও জিয়া ওসমানকে পরাজিত করেন।