ম্যাচ পাতানোর অভিযোগে আইভরি কোস্টের ফরোয়ার্ড এলিয়ে ওয়াহিরকে কানাডায় প্রবেশের অনুমোদন দেয়নি দেশটির প্রশাসন। অনুমতি না পাওয়ায় দলের সঙ্গে ভ্রমণ করতে পারবেন না তিনি।

আইভরিকোস্ট ফুটবল ফেডারেশন (এফআইএফ) জানিয়েছে, কানাডায় প্রবেশের অনুমতি না পাওয়ায় দল ফেরার আগ পর্যন্ত তাকে যুক্তরাষ্ট্রেই অবস্থান করবেন।

গতকাল বুধবার ফরাসি ফুটবল লিগ জানায়, মে মাসে নিসের হয়ে একটি লিগ ওয়ান ম্যাচে ওয়াহির হলুদ কার্ড দেখাকে কেন্দ্র করে আন্তর্জাতিকভাবে ‘অস্বাভাবিক পরিমাণ’ বাজি ধরা হয়েছিল। বাজির বাজার পর্যবেক্ষণকারী অংশীদারদের কাছ থেকে সন্দেহজনক কার্যক্রমের তথ্য পাওয়ার পর বিষয়টি নিয়ে সতর্ক হয় ফরাসি লিগ কর্তৃপক্ষ।

আর এ কাণ্ডেই ওয়াহির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে কানাডা। এর ফলে আগামী শনিবার টরন্টোয় জার্মানির বিপক্ষে আইভরি কোস্টের ম্যাচে তার খেলা হচ্ছে না।

ইকুয়েডরকে ১–০ গোলে হারানোর ম্যাচে একাদশে ছিলেন তিনি। জার্মানির বিপক্ষেও আইভরি কোস্ট দলে থাকা অনেকটাই নিশ্চিত ছিল তার। তবে তার বিরুদ্ধে আনার অভিযোগের কারণে ম্যাচটি মিস করবেন তিনি।