দীর্ঘ সাত বছর পর ভারতের মাটিতে পা রেখেছে পাকিস্তান ক্রিকেট দল। আসন্ন ওয়ানডে বিশ্বকাপ খেলতেই এত বছর পর ভারত গেল দলটি। এর আগে সর্বশেষ ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে গিয়েছিল তারা।
আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) হায়দারাবাদের বিমানবন্দরে পা রাখার পর পাকিস্তান ক্রিকেট দলকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
রাজনৈতিক বৈরিতার কারণে ২০১২ থেকে দ্বিপক্ষীয় সিরিজ খেলছে না দেশ দুটি। কেবল আইসিসির ইভেন্টেই চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানকে একসঙ্গে দেখা যায় ।
৬ অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে পাকিস্তান। ১৪ অক্টোবর আহমেদাবাদ স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে দলটি। দেশ ছাড়ার আগে পাক অধিনায়ক বাবর আজম বলেন, ‘শুধু ভারতের বিপক্ষে খেলতে যাচ্ছে না পাকিস্তান।’
১০ দলকে নিয়ে ৪৬ দিনে ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে ৫ অক্টোবর থেকে শুরু হওয়া বিশ্বকাপে। ১৯ নভেম্বর ফাইনাল দিয়ে শেষ হবে এবারের আয়োজন।
মূল লড়াইয়ে নামার আগে ২৯ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে এবং ৩ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে হায়দারাবাদে দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে পাকিস্তান।










