বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে একইদিনে হারের স্বাদ পেল চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনা। এ নিয়ে টানা দ্বিতীয় হার দেখল ব্রাজিল। অন্যদিকে, চলতি বাছাইপর্বে প্রথমবারের মতো হারের স্বাদ পেয়েছে বর্তমানের শিরোপাধারী আর্জেন্টিনা। খবর রয়টার্স।

বৃহস্পতিবারের (বাংলাদেশ সময় শুক্রবার সকালে অনুষ্ঠিত) ম্যাচে পাঁচবারের চ্যাম্পিয়নদের ২-১ গোলে হারিয়েছে কলম্বিয়া। দুটি গোলই দেন লিভারপুলের ফরোয়ার্ড লুইস দিয়াজ।

গত ১০ নভেম্বর কলম্বিয়ান গেরিলাদের হাত থাকে মুক্ত হয়েছেন দিয়াজের অপহৃত বাবা। এর আগে মুক্ত হন তার মা। সব মিলিয়ে তুমুল মানসিক চাপের পর চমৎকার একটি ম্যাচ উপহার দিলেন দিয়াজ।

ব্রাজিল ভালোভাবেই ম্যাচ শুরু করে, মাঠে বজায় রেখেছিল আধিপত্য। খেলা শুরু চতুর্থ মিনিটে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির স্ট্রাইকের মাধ্যমে এগিয়ে যায় দল। কিন্তু শেষ হাসি হাসে কলম্বিয়া।

বারানকুইলার এস্তাদিও মেত্রোপলিতানোয় দ্বিতীয়ার্ধের শেষদিকে চার মিনিটের মধ্যে ৭৫ ও ৭৯ মিনিটে গোল দুটি করেন দিয়াজ। এ জয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে এল কলম্বিয়া। খেলা শেষে কান্নায় ভেঙে পড়েন দিয়াজ, এ জয় বাবাকে উৎসর্গ করেন।

এদিন, দুইবারের সাবেক বিশ্বজয়ী উরুগুয়ের কাছে ২-০ ব্যবধানে হেরেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকা বাছাইপর্বে টানা পাঁচ ম্যাচের মাঝে এটি তাদের ছন্দপতন। তা সত্ত্বে দক্ষিণ আমেরিকায় শীর্ষ অবস্থান ধরে রেখেছে লিওনেল মেসির দল।

বুয়েনস আইরেসের বোম্বোনেরা স্টেডিয়ামে উরুগুয়ের পক্ষে গোল দুটি করেন রোনাল্ড আরাউজো ও লিভারপুল ফরওয়ার্ড ডারউইন নুনেজ। গোল দুটি হয় যথাক্রমে ৪১ ও ৮৭ মিনিটে। পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে উরুগুয়ে উঠে এসেছে দ্বিতীয় স্থানে। এর আগে ব্রাজিলকে হারানোর পথেও গোল করেন নুনেজ।

বিশ্বকাপের গ্রুপ পর্বে সৌদি আরবের কাছে ২-১ গোলে হারের পর এটিই আর্জেন্টিনার প্রথম হার। তারপরও ১২ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষেই আছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

এদিকে, তিন ম্যাচে জয়হীন ব্রাজিল নিঃসন্দেহে প্রবল চাপের মধ্যে রয়েছে। পরের ম্যাচে আগামী ২২ নভেম্বর রিও ডি জেনিরোর আইকনিক মারাকানায় প্রতিদ্বন্দ্বী হিসেবে পাচ্ছে আর্জেন্টিনাকে।