ফুটবলের পরাশক্তি অস্ট্রেলিয়ার
সামনে এবারো দাঁড়াতে পারল না বাংলাদেশ। আজ মেলবোর্নে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের
ম্যাচে বাংলাদেশকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা। সব মিলে, তিনবারের মুখোমুখিতে
সকারুদের কাছে ১৬ গোল খেল বাংলাদেশ।
এর আগে ২০১৮ সালের বিশ্বকাপ
বাছাইপর্বে দুই রাউন্ডে বাংলাদেশকে যথাক্রমে পার্থে ৫-০ ও ঢাকায় ৪-০ গোলের ব্যবধানে
হারায় সকারুরা। এবার তৃতীয় দেখায় বাংলাদেশের হারের ব্যবধান আরো বড় হলো।
১৪ মিনিটে হ্যারি সাউটার,
২০ মিনিটে ব্র্যান্ডন বোরেল্লো এবং ৩৭ ও ৪০ মিনিটে মিচ ডিউক গোল করলে প্রথমার্ধেই ৪-০তে
লিড নেয় সকারুরা। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ হজম করে আরো তিন গোল। হ্যাটট্রিক করেন জেমিয়েন
ম্যাক্লারেন। তিনি ৪৮, ৭০ ও ৮৪ মিনিটে গোল করেন।
ছয়বার বিশ্বকাপ খেলা অস্ট্রেলিয়া
ফিফা র্যাংকিংয়ের ২৭ নম্বরে, আর বাংলাদেশ ১৮৩-তে। ম্যাচও তাদের মাঠে। সব মিলে আজ ম্যাচে
তারাই ছিল ফেভারিট। ম্যাচেই তার প্রতিফলন ঘটল।
গত মাসে বাছাইপর্বে দ্বিতীয়
রাউন্ডে জায়গা করে নেয় বাংলাদেশ। প্রথম রাউন্ডে দুই লেগের খেলায় মালদ্বীপকে ৩-২ গোলের
অগ্রগামিতায় হারানোর কৃতিত্ব দেখায় হাভিয়ের কাবরেরার দল। মালেতে প্রথম লেগের খেলা ১-১
গোলে ড্র হওয়ার পর ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় মালদ্বীপকে ২-১ গোলে হারায় স্বাগতিকরা।
তবে দ্বিতীয় রাউন্ডের যাত্রা শুভ হলো না।
দ্বিতীয় রাউন্ডে ‘আই’
গ্রুপে পড়েছে বাংলাদেশ। সেখানে জামাল-রাকিবদের খেলতে হচ্ছে অস্ট্রেলিয়া, লেবানন ও ফিলিস্তিনের
মতো তিন শক্তিশালী দলের বিপক্ষে। তিনটি দলই ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক
অনেক এগিয়ে। যুদ্ধবিধ্বস্ত দেশ ফিলিস্তিন ৯৭ নম্বরে ও লেবানন ১০১ নম্বরের দল। লাল-সবুজদের
সামনে তাই কঠিন চ্যালেঞ্জ।
২১ নভেম্বর ঢাকার বসুন্ধরা
কিংস অ্যারেনায় লেবাননের মুখোমুখি হবেন জামাল ভূইয়ারা।
২০২৬ সালের বিশ্বকাপে
প্রথমবারের খেলবে মোট ৪৮টি দল। এশিয়া মহাদেশ (এএফসি) থেকে সরাসরি ৮টি ও আন্তঃমহাদেশীয়
প্লে-অফ খেলে আরো একটি দলের বিশ্বকাপে যাওয়ার সুযোগ রয়েছে।
বাছাইপর্বের প্রথম রাউন্ডে
২০টি দল প্রতিদ্বন্দ্বিতা করে। দুই লেগের এই লড়াইশেষে ১০টি দল দ্বিতীয় রাউন্ডে উঠেছে।
দ্বিতীয় রাউন্ডে মোট ৩৬টি দল ৯টি গ্রুপের ভাগ হয়ে লড়বে এবং প্রতি গ্রুপের শীর্ষ দুই
দল (মোট ১৮টি) উঠবে তৃতীয় রাউন্ডে। সেখানে তিনটি গ্রুপে খেলবে ছয়টি করে দল। প্রতি গ্রুপের
শীর্ষ দুই দল সরাসরি যাবে বিশ্বকাপে এবং এরপরের দুটি করে দল চতুর্থ রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতা
করবে। চতুর্থ রাউন্ড থেকে দুটি দল পাবে বিশ্বকাপে টিকিট, আর প্লে-অফের জন্য একটি দল
চূড়ান্ত হবে।
২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বে
দ্বিতীয় রাউন্ডে খেলেছিল বাংলাদেশ। সেবারও গ্রুপে ছিল অস্ট্রেলিয়া। সেবার বাংলাদেশ
৮ ম্যাচ খেলে মাত্র একটি ড্র করতে সমর্থ হয়। দলটি টেবিলের তলানিতে থেকে বিদায় নেয়।
এবার অস্ট্রেলিয়া ছাড়া গ্রুপে বাকি দুই প্রতিপক্ষ লেবানন ও ফিলিস্তিন।










