আইসিসি ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে ভারতে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় দল। আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) রাত ৯টা ১৯ মিনিটে বিসিবির ভেরিফাইড পেইজে একটি ভিডিও পোস্টে দেখা যায়, ভারতের গোয়াহাটির লোকপ্রিয়া গোপীনাথ বর্দোলোই আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান থেকে নামছেন সাকিবরা।

এর আগে বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৪টায় একটি ফ্লাইটে শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি ভারতের গোয়াহাটির লোকপ্রিয়া গোপীনাথ বর্দোলোই আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায় বাংলাদেশ দল। বিকাল তিনটা থেকেই ক্রিকেটাররা জড়ো হতে শুরু করেন বিমানবন্দরে। তবে সবার শেষে পৌঁছাতে দেখা গেছে অধিনায়ক সাকিব আল হাসান ও সহ-অধিনায়ক লিটন দাস।

দেশ ছাড়ার আগে টাইগার ক্রিকেটাররা শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আনুষ্ঠানিক ফটোসেশন করেন। দলের সঙ্গে বেশ প্রাণোচ্ছ্বল সাকিবকেই দেখা গেছে এদিন। শরীফুল-মিরাজদের সঙ্গে হাসি-ঠাট্টায় মাততে দেখা যায় টাইগার অধিনায়ককে। দলের কোচিং স্টাফসহ অন্যরাও ছিলেন এ সময়। দলের সঙ্গে যোগ দিয়েছেন বিশ্বকাপের জন্য টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পাওয়া সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন।