দিল্লিতে ৭ অক্টোবর শ্রীলংকার
বিপক্ষে ৪৯ বলে তিন অঙ্ক ছুঁয়ে বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরির কীর্তি গড়েছিলেন দক্ষিণ
আফ্রিকার এইডেন মার্করাম। ১৮ দিন পর সেই রেকর্ড ভাঙলেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল।
কাকতালীয়ভাবে আজ বুধবার সেই একই মাঠে মাত্র ৪০ বলে সেঞ্চুরি করলেন অজি মিডল অর্ডার
ব্যাটার। তার দ্রুততম সেঞ্চুরি ছাড়াও আজ নেদারল্যান্ডসের বিপক্ষে ৯৩ বলে ১০৪ রানের
ইনিংস খেলেন ডেভিড ওয়ার্নার। জোড়া সেঞ্চুরি ও জোড়া ফিফটিতে ভর করে ডাচদের বিপক্ষে ৫০
ওভারে ৮ উইকেটে ৩৯৯ রান তুলেছে অজিরা।
ওপেনিংয়ে নেমে ৯১ বলে
সেঞ্চুরি পূর্ণ করেন ওয়ার্নার। এটা তার ব্যাক-টু-ব্যাক সেঞ্চুরি। এর আগে পাকিস্তানের
বিপক্ষেও করেন সেঞ্চুরি। পাকিস্তানের বিপক্ষে আরেক সেঞ্চুরিয়ান মিচেল মার্শ আজ ৯ রান
করে সাজঘরে ফেরার পর ওয়ার্নার দ্বিতীয় উইকেটে স্টিভ স্মিথকে নিয়ে ১৩২ রান ও তৃতীয় উইকেটে
মার্নুস লাবুশেনকে নিয়ে ৮৪ রানের জুটি গড়েন। উইকেটকিপার জস ইংলিশ ১২ বলে ১৪ রান করে
আউট হন।
ছয় নম্বরে নামা ম্যাক্সওয়েলের
সঙ্গে ওয়ার্নারের জুটি এক রানের। ওয়ার্নার শিকার হন ফন বিকের (২৬৭/৫)। তখন খেলা বাকি
১১.৫ ওভারের। এটুকু সময়ের মধ্যেই সেঞ্চুরি তুলে নিয়ে অজিদের সংগ্রহটাও চারশ ছুঁই ছুঁই
করে দেন ম্যাক্সওয়েল। ফন বিকের বলে আউট হওয়ার আগে ৯ চার ও ৮ ছক্কায় মনোহরী ইনিংসটি
খেলেন এই ডানহাতি ব্যাটার।
আইপিএলের নিয়মিত মুখ হওয়ার
কারণে ভারতের স্টেডিয়ামগুলো তার হাতের তালুর মতোই চেনা। আজ সেটি তিনি প্রমাণও করলেন
চার-ছক্কার ফুরঝুরিতে।
ম্যাক্সওয়েলকে সুযোগ সঙ্গ
দেন অধিনায়ক প্যাট কামিন্স। এ দুজন মাত্র ৪৪ বলে ১০৩ রানের জুটি গড়েন। এর মধ্যে কামিন্সের
অবদান মাত্র ৮! এটাই প্রমাণ করছে, কতটা বিস্ফোরক ছিলেন ম্যাক্সওয়েল।
স্মিথ ৬৮ বলে ৭১ ও লাবুশেন
৪৭ বলে ৬২ রান করেন। লোগান ফন বিক চারটি ও বাস ডি লিডি দুটি উইকেট নেন।
ভারত ও দক্ষিণ আফ্রিকার
কাছে হেরে এবারের বিশ্বকাপ আসরে অত্যন্ত বাজে সূচনা হয় পাঁচবারের চ্যাম্পিয়নদের। যদিও
এরপর ধীরে ধীরে ফিরে আসে প্যাট কামিন্সের দল। শ্রীলংকা ও পাকিস্তানকে টানা হারিয়ে তারা
এখন ভালোভাবেই আছে সেমির রেসে। ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে
অজিরা। আজ জিতলে তারা ৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থান আরো সংহত করবে। এই ম্যাচেই তারা গড়ল
৩৯৯ রানের সৌধ।










