দেশের প্রাথমিক শিক্ষার সবচেয়ে বড় ক্রীড়া আয়োজন ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ (বালক-বালিকা)-এর ফাইনাল শুরু হয়েছে। আজ শনিবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর আর্মি স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী এ লড়াই শুরু হয়।
দেশের সাড়ে ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ধাপে ধাপে বাছাই শেষে চারটি বিদ্যালয়ের খুদে ফুটবলাররা ফাইনালে অংশ নিচ্ছে।
দুপুরে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের কিক-অফের মধ্য দিয়ে বালক বিভাগের ফাইনাল খেলা শুরু হয়। ফাইনালে বালক বিভাগের শিরোপা লড়াইয়ে অংশ নিয়েছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এরপর বালিকা বিভাগের ফাইনালে মুখোমুখি হবে ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পাবনার সাঁথিয়া উপজেলার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়।










