বসুন্ধরা স্পোর্টস সিটিতে শুরু হয়েছে ‘৫ম জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ-২০২৫’। গতকাল বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর এরিনার স্কোয়াশ কোর্টে এবারের আসর উদ্বোধন করা হয়েছে। গতকাল যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব) জিএম কামরুল ইসলাম, উর্মী গ্রুপের পরিচালক ফায়েজ রহমান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের মিডিয়া অ্যাডভাইজার আব্দুল বারী, বসুন্ধরা স্পোর্টস সিটির পরিচালক মেজর (অব) মোহসিনুল করিমসহ নির্বাহী কমিটির সদস্য এবং অন্যরা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘গত চার বছর দেশে স্কোয়াশ যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে সামনে সুদিন আসবেই।’

জিএম কামরুল ইসলাম বলেন, ‘স্কোয়াশকে দেশব্যাপী ছড়িয়ে দেয়া এবং খেলার মান উন্নয়ন, প্রচার ও প্রসার ঘটিয়ে বাংলাদেশের স্কোয়াশকে পর্যায়ক্রমে আন্তর্জাতিক মানে নেয়ার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন।’

আয়োজকরা জানান, ১ অক্টোবর থেকে দেশব্যাপী ২৫টি প্রতিষ্ঠানের ১৮০ জন প্রতিযোগীর অংশগ্রহণে আঞ্চলিক পর্ব শেষ হয়। সেখান থেকে বিজয়ী ও নির্বাচিত ৮০ জন খেলোয়াড়কে নিয়েই শুরু হয়েছে শিরোপার লড়াই। ১৬ অক্টোবর বেলা ৩টায় বসুন্ধরা স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী।

চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী ক্লাব ও প্রতিষ্ঠানগুলো হলো—ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আইইউবি, মিরপুর আইডিয়াল কমার্স কলেজ, বিএএফ শাহীন কলেজ, ভাসানটেক সরকারি কলেজ, মিরপুর বাঙলা কলেজ, শহীদ আনোয়ার কলেজ, ভাসানটেক স্কুল, কালশী ইসলামিয়া হাই স্কুল, গোল্ডেন বাংলা আইডিয়াল স্কুল, ফাতেমা আজিজ স্কুল, জামুরীপাড়া স্কুল, ঠাকুরগাঁও, মিরপুর ক্যান্ট. পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, কালাচাঁদপুর স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা ক্লাব, গুলশান ক্লাব, চট্টগ্রাম ক্লাব, হবিগঞ্জ উচ্চ বিদ্যালয়, উত্তরা পুলিশ কলেজ ও ঢাকা স্কোয়াশ একাডেমি। —বিজ্ঞপ্তি