ফ্রি ট্রান্সফারে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) সাবেক স্ট্রাইকার এডিনসন কাভানিকে দলভুক্ত করল ম্যানচেস্টার ইউনাইটেড। চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে গত জুন মাসে পিএসজি ছাড়েন তিনি।
৩৩ বছর বয়সী উরুগুইয়ান স্ট্রাইকার ক্লাব ফুটবলে ৫৫৬ ম্যাচে ৩৪১ গোল করেছেন। এর মধ্যে ফরাসি ক্লাবের জার্সিতে রয়েছে ৩০১ ম্যাচে ২০০ গোলের রেকর্ড। এছাড়া উরুগুয়ে জাতীয় দলের জার্সিতে ১১৬ ম্যাচে করেছেন ৫০ গোল।
ম্যানইউর জার্সিতে তার প্রথম ম্যাচটিই হতে পারে সাবেক ক্লাব পিএসজির বিপক্ষে। ২০ অক্টোবর চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ম্যানইউ মুখোমুখি হবে ২০২০ সালের ফাইনালিস্ট পিএসজির। এর আগে ১৭ অক্টোবর প্রিমিয়ার লিগে নিউক্যাসলের বিপক্ষে খেলবে রেড ডেভিলরা। সর্বশেষ গত রোববার ঘরের মাঠে টটেনহামের কাছে ৬-১ গোলে বিধ্বস্ত হয় ওলে গুনার সোলশারের দল। প্রথম তিন ম্যাচ থেকে মাত্র তিন পয়েন্ট সংগ্রহ করা ম্যানইউ রয়েছে টেবিলের ১৬ নম্বরে।
ম্যানইউতে নাম লেখানোর প্রতিক্রিয়ায় কাভানি বলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেড বিশ্বের অন্যতম সেরা ক্লাব, তাই এখানে নাম লেখাতে পারা আমার জন্য সত্যিই সম্মানের। ছুটির সময়ে আমি কঠোর পরিশ্রম করেছি এবং এখন অবিশ্বাস্য এ ক্লাবটির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
এছাড়া পোর্তো থেকে ব্রাজিলিয়ান লেফট-ব্যাক অ্যালেক্স টেলেসকে সই করিয়েছে ম্যানইউ। রেড ডেভিলদের সঙ্গে টেলেসের চার বছরের চুক্তি, আরো এক বছর তা বাড়িয়ে নেয়ার অপশন রাখা হয়েছে। ২৭ বছর বয়সী ডিফেন্ডার ব্রাজিলের জার্সিতে খেলেছেন এক ম্যাচ। তাকে ১৫ মিলিয়ন ইউরো ফি দিয়ে কিনেছে ম্যানইউ। সঙ্গে কিছু শর্ত মিলিয়ে আরো ২ মিলিয়ন ইউরো খরচ হবে ইংলিশ জায়ান্টদের।
জানুয়ারিতে আটালান্টার উইঙ্গার আমাদ দিয়ালোও যোগ দেবেন ওল্ড ট্র্যাফোর্ডে।
এভারটন থেকে ধার চুক্তিতে ইংলিশ মিডফিল্ডার থিও ওয়ালকটকে নিয়েছে সাউদাম্পটন। অ্যাটলেটিকো থেকে ৪৫ মিলিয়ন পাউন্ডে ঘানাইয়ান মিডফিল্ডার টমাস পার্টেইকে কিনেছে আর্সেনাল। একই সাথে আর্সেনাল থেকে ধার চুক্তিতে অ্যাতলেটিকোয় নাম লিখিয়েছেন উরুগুইয়ান মিডফিল্ডার লুকাস টোরেইরা। ধার চুক্তি শেষে তাকে ২০ মিলিয়ন ইউরোয় কিনে নিতে পারবেন দিয়েগো সিমিওনে। উরুগুয়ের হয়ে ২০১৮ বিশ্বকাপ ও ২০১৯ সালের কোপা খেলেছেন টোরেইরো।
৫ অক্টোবর সোমবার দলবদলের শেষ দিন ইংলিশ প্রিমিয়ার লিগে মোট ১২টি চুক্তি সম্পন্ন হয়। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে শেষ দিনে এটাই সবচেয়ে কম সাইনিং। এই গ্রীষ্মের দলবদলে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলো সম্মিলিতভাবে খরচ করেছে ১২১ কোটি পাউন্ড, যা গত বছরের তুলনায় ১৫ কোটি ৮০ লাখ পাউন্ড কম।
সূত্র: বিবিসি










