দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গত বুধবার আফগানদের ছুড়ে দেয়া ২৭৩ রানের টার্গেটটা মামুলি বানিয়ে জয় তুলে নেয় ভারত। একপেশে ম্যাচে ৮ উইকেটে জিতেছে ভারত, তাও ১৫ ওভার হাতে রেখে। ভারতের এ জয়ের নায়ক দলনায়ক রোহিত শর্মা। ৮৪ বলে ১৩১ রানের বিস্ফোরক ইনিংস খেলে তিনি রেকর্ডবুক তছনছ করে দিয়েছেন। পুরনো রেকর্ড ভেঙে লিখেছেন একাধিক নতুন রেকর্ড। বিশ্বকাপে সবচেয়ে বেশি সেঞ্চুরি, আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা, ভারতের হয়ে বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরি ও ভারতের চতুর্থ ব্যাটার হিসেবে বিশ্বকাপে হাজার রান সংগ্রহের মতো অসংখ্য রেকর্ড ও মাইলফলক ছুঁয়েছেন রোহিত। গতকাল আহমেদাবাদে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে করেন ৬৩ বলে ৮৬ রান। সমান ৬টি করে চার ও ছক্কা মেরেছেন তিনি। এর মধ্য দিয়ে রেকর্ড আরো সংহত করেছেন তিনি। 

আফগান ম্যাচে উদ্বোধনী জুটিতে রোহিত ও ইশান কিশান ১৮.৪ ওভারে ১৫৬ রান তুলে দিলে আফগানদের লড়াইয়ের সব আশা শেষ হয়ে যায়। এ জুটিতে রোহিতের একার অবদানই ৬৫ বলে ১০২! দ্বিতীয় উইকেটে কোহলির সঙ্গে ৪২ বলে ৪৯ রান তুলে সাজঘরের পথ ধরেন রোহিতও। অবশ্য ততক্ষণে আফগানদের ক্ষতি যা করার করে ফেলেন ‘হিটম্যান’ রোহিত। আর নিজের নামটি লিখিয়েছেন রেকর্ডবুকে। 

‘বিশ্বকাপের দানব’ রোহিত ওয়ানডের বিশ্বমঞ্চে গতকাল পর্যন্ত ২০ ম্যাচে ৬৬.৩৮ গড়ে ও ঠিক ১০১.৯৬ স্ট্রাইক রেটে ১ হাজার ১৯৫ রান করেছেন। সাতটি সেঞ্চুরির সঙ্গে ফিফটি করেছেন চারটি। সর্বোচ্চ ইনিংস ১৪০ রানের।

১৯৯২ থেকে ২০১১ বিশ্বকাপ পর্যন্ত মোট ৪৪ ম্যাচে ছয়টি সেঞ্চুরি করেন মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার। তার অর্ধেকেরও কম ম্যাচ (২০) খেলে রোহিত করেন সাতটি সেঞ্চুরি। ২০১৫ থেকে ২০১৯ দুটি বিশ্বকাপেই ছয়টি সেঞ্চুরি করেন তিনি। এর মধ্যে গত আসরে করেন পাঁচটি। চলমান আসরে আফগানদের বিপক্ষে ৬৩ বলে তিন অংক ছুঁয়ে বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক সেঞ্চুরির মালিক হয়ে গেলেন ভারতীয় দলনায়ক। এদিন ভারতের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও গড়েন তিনি। ৭২ বলে আগের দ্রুততম সেঞ্চুরিটি ছিল বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের। গতকাল ৩৬ বলে ফিফটি করে অষ্টম সেঞ্চুরির সম্ভাবনা জাগালেও শেষ পর্যন্ত আউট হয়ে যান ১৪ রান দূরে থাকতে। 

আফগান ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডও নিজের করে নেন রোহিত। ক্যারিবিয়ান সুপারস্টার ক্রিস গেইল আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৪৮৩টি ম্যাচে ৫৫৩ ছক্কা মেরে রেকর্ড ধরে রেখেছিলেন। ৪৫২ ম্যাচে ৫৫১ ছক্কা হাঁকিয়ে গেইলের পরেই ছিলেন রোহিত। আফগান ম্যাচে পাঁচটি ছক্কা মেরে গেইলের রেকর্ডটা নিজের করে নেন ভারতীয় দলনায়ক (৫৫৬)। গতকাল আরো ছয়টি ছক্কা হাঁকানোয় এখন সংখ্যাটি ৫৬২। গেইলের পরেই পাকিস্তানের শহিদ আফ্রিদি (৪৭৬), নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম (৩৯৮) ও একই দেশের মার্টিন গাপটিল (৩৮৩)। 

এদিন পাঁচবার সীমানার ওপারে বল পাঠিয়ে ওয়ানডে বিশ্বকাপে ছক্কার মারা রেকর্ডেও পাঁচ নম্বরে উঠে আসেন রোহিত (২৮)। সর্বোচ্চ ৪৯টি ছক্কা মেরে রেকর্ড ধরে রেখেছেন ক্যারিয়ান হার্ডহিটার ক্রিস গেইল। এছাড়া অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিং ৩১টি, কিউই ব্যাটিং স্টার ব্রেন্ডন ম্যাককালাম ২৯টি ছক্কা মেরেছেন। গতকাল আরো ছয়টি ছক্কা মেরে রোহিত উঠে আসেন তিন নম্বরে। 

এদিন চতুর্থ ভারতীয় হিসেবে এক হাজার রানের ক্লাবে নাম লেখান রোহিত। তার দরকার ছিল ২২ রান। তিনি করেন ১৩১ রান। তাতে বিশ্বকাপে তার রানসংখ্যা হয়ে যায় ১১০৯। গতকাল আরো ৮৬ রান করায় তিনি পৌঁছে যান ১১৯৫ রানে। বিরাট কোহলি ওই ম্যাচে হার না মানা ৫৫ রান করে বিশ্বকাপে নিজের সংগ্রহটা বাড়ান (১১৭০ রান)। গতকাল ১৬ রান করায় এখন কোহলির মোট রান ২৯ ম্যাচে ১১৮৬। শচীন ২২৭৮ রান করে সবার ধরাছোঁয়ার বাইরে। সৌরভ গাঙ্গুলী ১০০৬ রান নিয়ে নেমে যান চারে। সব মিলিয়ে মোট ২৩ জন ক্রিকেটারের রয়েছে বিশ্বকাপে হাজার রান। রোহিত গতকাল উঠে আসেন সাত নম্বরে।

আরো কিছু মাইলফলক হাতছানি দিচ্ছে রোহিতকে। পঞ্চম ভারতীয় হিসেবে ১৮ হাজার রানের মাইলফলকের সামনে তিনি। এ মুহূর্তে আন্তর্জাতিক সব ফরম্যাটে ১৭৮৫৯ রান তার। আর ১৪১ রান করতে পারলে ১৮ হাজার রানের মাইলফলকে পৌঁছবেন এ ডানহাতি ব্যাটিং সুপারস্টার। 

টেন্ডুলকার মোট ৬৬৪ ম্যাচে ৩৪৩৫৭ রান করে তালিকার শীর্ষে। ৫০৯ ম্যাচে ২৫৯২৩ রান করে কোহলি দ্বিতীয় স্থানে। এ তালিকার তিন নম্বরে ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়। ৫০৯ ম্যাচে তার রান ২৪২০৮। ৪২৪টি ম্যাচে ১৮৫৭৫ রান করে চারে সৌরভ গাঙ্গুলি।

রেকর্ড নিয়ে অবশ্য খুব একটা ভাবেন না বলেই জানালেন রোহিত। তার কথায়, ‘বিশ্বকাপে সেঞ্চুরি পাওয়া সব সময়ই বিশেষ কিছু। আমি অবশ্য রেকর্ডের কথা খুব বেশি ভাবি না। এখনো অনেক পথ পাড়ি দিতে হবে, কাজেই আমি মনোসংযোগ হারাতে চাই না। শুরুতে ছন্দ পাওয়া ও তা পরবর্তী সময়ে ধরে রাখা খুব গুরুত্বপূর্ণ।’