ভুতুড়ে এক রাতের সাক্ষী হলো ইংলিশ প্রিমিয়ার লিগের দর্শক। রোববার রাতে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলকে সাত গোলের মালা পরালো অ্যাস্টন ভিলা। স্বাগতিকরা জিতেছে ৭-২ গোলের ব্যবধানে। তার আগের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে তাদেরই মাঠে ছয় গোল (১-৬) দিয়েছে টটেনহাম। 

ঘরের মাঠে লিভারপুলকে নিয়ে গোল উৎসবে মেতে ওঠে অ্যাস্টন ভিলার খেলোয়াড়রা। ওলিয়ে ওযাটকিনস ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করলেন, তাও বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে। অথচ এ ম্যাচের আগে প্রিমিয়ার লিগে তার কোনো গোলই ছিল না! জ্যাক গ্রিয়ালিশ করেন দুই গোল। দুজনের পাঁচ গোলেই ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে অন্যতম বড় অঘটনের জন্ম হয়ে যায়। ভিলা পার্কে স্বাগতিকদের বাকি দুটি গোল করেন জন ম্যাকগিন ও বার্কলে। দুই গোল করা ছাড়াও তিনটিতে অ্যাসিস্ট করেন অধিনায়ক ম্যাকগ্লিশ। অল রেডদের পক্ষে দুটি গোলই করেন মোহাম্মদ সালাহ। 

১৯৬৩ সালের পর এই প্রথম কোনো ম্যাচে সাত গোল হজম করল লিভারপুল এবং ২০১৯ সালের ৩ জানুয়ারির পর তাদের মাত্র চতুর্থ হার এটি। গত মৌসুমের শেষ দিন কোনোমতে অবনমন এড়ানো অ্যাস্টন ভিলা যেন স্বপ্নের মতোই শুরু করেছে এবং পয়েন্ট টেবিলে লিভারপুলকে টপকে গেছে।

১৮ বারের চেষ্টায় এই প্রথম ঘরের মাঠে কোনো বর্তমান লিগ চ্যাম্পিয়নকে হারাতে পারল অ্যাস্টন ভিলা। সর্বশেষ ১৯৯৮ সালে তখনকার চ্যাম্পিয়ন আর্সেনালকে হারিয়েছিল তারা ৩-২ গোলে। 

ভিলা কোচ ডিন স্মিথ খানিকটা বিস্ময়ভরা কণ্ঠেই বললেন, ‘আমরা কখনই এমন ফলের কথা ভাবিনি। শুরু থেকে শেষ পর্যন্ত পারফরম্যান্স ছিল সত্যিই অবিশ^াস্য।’

লিভারপুল কোচ ক্লোপ কী বলবেন? তার প্রতিক্রিয়া, ‘আমাদের ভালো ভালো সুযোগ ছিল, যা আমরা কাজে লাগাতে পারি। কিন্তু যখন আপনি সাত গোল হজম করবেন তখন ৭-৭ হবে, এমনটা ভাববেন কিনা আমি নিশ্চিত নই।’

এর আগে ওল্ড ট্র্যাফোর্ডে ছয় গোল হজমের লজ্জা পায় ম্যানইউ। ৭ মিনিটের মধ্যেই ম্যাচে দুই গোল! দ্বিতীয় মিনিটে ব্রুনো ফার্নান্দেজ এগিয়ে দেন ম্যানইউকে, সপ্তম মিনিটে সমতা আনেন সন হিউং-মিন। এরপর ২৮ মিনিটে অ্যান্থনি মার্শিয়ালের লাল কার্ড দিয়ে বড় বিপর্যয়ের শুরু অল রেডদের। সন হিউং-মিন ও হ্যারি কেন উভয়ই করেন জোড়া গোল। টাঙ্গুই এনদোমবেলে ও সের্জে অরিয়ারের। লিগের ইতিহাসে এ নিয়ে তৃতীয়বার ছয় গোল হজম করল ম্যানইউ। ১৯৯৬ সালে সাউদাম্পটন ও ২০১১ সালে ম্যানসিটির কাছে ছয় গোল করেছিল ম্যানইউর জালে। 

বুন্দেসলিগায় হার্থা বার্লিনকে ৭ গোলের থ্রিলারে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। বাভারিয়ানদের চারটি গোলই করেন পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডভস্কি। এ রাতে লা লিগায় সেভিয়ার সঙ্গে হোম ম্যাচে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা। আর ইতালিতে করোনাভাইরাস জনিত কারণে জুভেন্টাস ও ন্যাপোলির ম্যাচ হয়নি। স্পেৎজিয়াকে ৩-০ গোলে হারায় এসি মিলান। 

সূত্র: বিবিসি