উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বেই মুখোমুখি হচ্ছেন বিশ্বের দুই সেরা খেলোয়াড় লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। বৃহস্পতিবার (০১ অক্টোবর) চ্যাম্পিয়ন্স লিগে ২০২০-২০২১ মৌসুমের ড্রতে একই গ্রুপে পড়েছে মেসির বার্সেলোনা ও রোনালদোর জুভেন্টাস। ‘জি’ গ্রুপের বাকি দুই দল ডায়নামো কিয়েভ ও ফেরেঙ্কভারোস।  

বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ ‘এ’ গ্রুপে খেলবে অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে। গ্রুপের বাকি দুই দল সলজবুর্গ ও লোকোমোটিভ মস্কো। ‘বি’ গ্রুপে রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলানের সঙ্গে খেলবে বরুশিয়া মুনশেনগ্লাডবাখ ও শাখতার দোনেত্স্ক। 

‘এইচ’ গ্রুপে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড খেলবে প্যারিস সেন্ট জার্মেই, আরবি লিপজিগ ও ইস্তাম্বুল বাসাকসেহিরের বিপক্ষে। ‘ডি’ গ্রুপে সাবেক চ্যাম্পিয়ন ও বর্তমান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুলের গ্রুপে পড়েছে আয়াক্স, আটালান্টা ও মিিজল্যান্ড। ‘ই’ গ্রুপে চেলসি খেলবে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন সেভিয়া, ক্রাসনোদার ও অভিষিক্ত রেনের সঙ্গে। ‘সি’ গ্রুপে আরেক ইংলিশ জায়ান্ট ম্যানসিটির গ্রুপে পড়েছে পোর্তো, অলিম্পিয়াকোস ও মার্সেই। ‘এফ’ গ্রুপে ডর্টমুন্ডের গ্রুপসঙ্গী জেনিত, ল্যাজিও ও ব্রুগেস। 

এ বছর গ্রুপ পর্বের খেলা শুরু হবে ২০ অক্টোবর, ফাইনালে ২০২১ সালের ২৯ মে। 

সূত্র: বিবিসি