২৪টি গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ের রেকর্ড ছোঁয়ার মিশন আরেকবার ব্যর্থ হলো সেরেনা উইলিয়ামসের। ইউএস ওপেনের সেমিফাইনালে আজ তাকে হারিয়ে দিলেন ভিক্টোরিয়া আজারেঙ্কা। দুই মায়ের এ লড়াইয়ে আমেরিকান সুপারস্টারকে ১-৬, ৬-৩, ৬-৩ গেমে হারান বেলারুশিয়ান খেলোয়াড়। ফাইনালে আজারেঙ্কা লড়বেন জাপানের নাওমি ওসাকার বিপক্ষে, যিনি ৭-৬ (৭/১), ৩-৬, ৬-৩ গেমে হারান যুক্তরাষ্ট্রের জেনিফার ব্র্যাডিকে। 

অস্ট্রেলিয়ান গ্রেট মার্গারেট কোর্টের ২৪ গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ের রেকর্ড ছোঁয়ার এটা ছিল সেরেনার নবম মিশন। ২০১৮ ও ২০১৯ সালে চারবার ফাইনালে উঠেও ব্যর্থ হয়েছেন। এবার মিশন শেষ হলো সেমিফাইনালে। দুই মায়ের এ লড়াইয়ে সেরেনাকে চমকেই দিলেন দুইবারের গ্র্যান্ড স্লামজয়ী খেলোয়াড়।

তৃতীয় সেটে অ্যাকিলিসের সমস্যা নিয়ে ট্রেনারকে ডাকতে হয় সেরেনাকে এবং এরপর থেকে ওই সমস্যা নিয়েই খেলে গেছেন। এটাই বাড়তি সুযোগ করে দেয় আজারেঙ্কাকে। সাবেক এক নম্বর খেলোয়াড়টি সাত বছর পর উঠলেন কোনো মেজর টুর্নামেন্টের ফাইনালে। 

কোর্টে ও কোর্টের বাইরে নানা সংকটে সময় পার করা আজারেঙ্কা টেনিসে ফেরার পর সম্প্রতি দুর্দান্ত ফর্মে রয়েছেন। দুই সপ্তাহ আগে প্রস্তুতি টুর্নামেন্ট জয়ের পর এবার ইউএস ওপেনে উঠলেন ফাইনালে। 

একটি সময় বড় মঞ্চে নিয়মিত লড়াই হতো সেরেনা ও আজারেঙ্কার। ২০১২ ও ২০১৩ সালের ইউএস ওপেন ফাইনালে এই সেরেনার কাছেই হেরেছেন তিনি। ২০১৫ সালের উইম্বলডন কোয়ার্টার ফাইনালের পর আজই প্রথম বড় মঞ্চে মুখোমুখি হয়েছিলেন দুজন। 

এখন পর্যন্ত হেড টু হেডে অবশ্য সেরেনাই এগিয়ে। ২২টি দ্বৈরথের মধ্যে ১৮টিই জিতেছেন তিনি। এছাড়া আজকের ম্যাচটি বাদে গ্র্যান্ড স্লামে ১০ ম্যাচের সবগুলোই তিনি জয়লাভ করেন। যদিও পুনরুজ্জীবিত আজারেঙ্কা এবার হারিয়ে দিলেন ৩৮ বছর বয়সী তারকাকে। 

আজ সকালে অন্য ম্যাচে সেরেনার স্বদেশী জেনিফার ব্র্যাডিকে হারান সাবেক চ্যাম্পিয়ন ওসাকা। বর্নবাদবিরোধী প্রতিবাদ হিসেবে প্রতি ম্যাচের আগেই একেকজন কৃষ্ণাঙ্গ নিহত মানুষের নাম লেখা মাস্ক পরে আসা ওসাকা কোর্টেও দুরন্ত খেলে যাচ্ছেন। অবশ্য আজ বেশ পরীক্ষার মুখে পড়তে হয় তাকে। প্রথম সেটটি টাইব্রেকারে জয়ের পর দ্বিতীয় সেট হেরেই বসেন। এরপর তৃতীয় সেট দাপটে জিতে ফাইনাল নিশ্চিত করেন ২২ বছর বয়সী তারকা। 

শনিবার বাংলাদেশ সময় রাত ২টায় ফাইনালে মুখোমুখি হবেন আজারেঙ্কা ও ওসাকা। 

এদিকে আজ রাত ২টায় ছেলেদের সেমিফাইনাল শুরু হবে। প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবেন স্পেনের পাবলো কারেনো বুস্তা ও জার্মানির আলেক্সান্ডার জেভেরেভ; পরের সেমিতে লড়বেন রাশিয়ার দানিল মেদভেদেভ ও অস্ট্রিয়ার ডমিনিক থিয়েম।

সূত্র: বিবিসি