১৭৯ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শেষ ওভারে ৪ উইকেটে ১৭৪ রান নিয়ে জয়ের পথেই ছিল সার্ফার প্যারাডাইজ। ছয় উইকেট হাতে নিয়ে তাদের প্রয়োজন ছিল মাত্র পাঁচ রান। তখনই দলটির জন্য বজ্রাঘাত হয়ে আসেন মাডগিরাবা অধিনায়ক গ্যারেথ মরগান। তিনি ছয় বলে ছয় উইকেট নিয়ে হারিয়ে দেন প্যারাডাইজকে।  

সম্প্রতি অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে প্রিমিয়ার ডিভিশন-৩ লিগ ম্যাচে এমন চমকপ্রদ ঘটনাই ঘটল।

অবিশ্বাস্য বোলিং পারফরম্যান্সে দলকে জেতানোর পর মরগান বিবিসিকে বলেন, ‘আম্পায়ার আমাকে বললেন, এই ম্যাচ জেতাতে আমাকে হ্যাটট্রিক করতে হবে। এ কথা শুনে আমার হাসিই পেল। কেননা মনে হচ্ছিল, এটা হওয়ার নয়। এরপর যখন সত্যিই অবিশ্বাস্য কিছু ঘটল তখন আমার দলের মধ্যে হৈচৈ পড়ে গেল। আমার দলের সদস্যরা, যাদের অর্ধেকই অনূর্ধ্ব-১৯ দলের, তারা আনন্দে দৌড়াচ্ছিল। সবার কাছে যেন অবিশ্বাস্যের মতো লাগছিল। আম্পায়ার মাথা নেড়ে আমার কাছে এসে বললেন, এটা অবিশ্বাস্য।’

পেশাদার ক্রিকেটে এক ওভারে সর্বোচ্চ পাঁচ উইকেট শিকারের নজির আছে, যা ঘটেছে মোট তিনবার। ২০১১ সালে নিউজিল্যান্ড ক্রিকেটে ওটাগোর হয়ে নেইল ওয়াগনার, ২০১৩ সালে বিসিবি একাদশের হয়ে আল-আমিন হোসেন ও ২০১৯ সালে কর্নাটক রাজ্য দলের হয়ে অভিমন্য মিথুন পাঁচ উইকেট শিকারের কীর্তি গড়েন। এবার এক ওভারের সবকটি বলে উইকেট শিকারের অনন্য কীর্তিটি গড়লেন অস্ট্রেলিয়ার তৃতীয় স্তরের ক্রিকেটার গ্যারেথ মরগান।

তবে মরগানের কীর্তি এই প্রথম নয়। তার বাবা হাউ মরগান ফেসবুক পেজে লিখেছেন, ‘একজন গর্বিত বাবা বলছি। গ্যারেথ আপনাদের বলবে না, কিন্তু শৈশবের ক্রিকেটে সে এক ওভারে পাঁচ উইকেট নেয়ার কৃতিত্ব দেখায়। সে তখন ছয় উইকেট পায়নি, কারণ প্রতিপক্ষের উইকেটই ছিল পাঁচটি।’

গতকাল গর্বিত মরগান বলেছেন, ‘আমি বলটি রেখে দিয়েছি। আমার ক্লাব প্রেসিডেন্ট এটি তাকে দিতে বলেছেন। আমি নিশ্চিত, তিনি এটি দিয়ে বিশেষ কিছু করবেন।’