এবারের ফ্রেঞ্চ ওপেনে সবার আগে সেমিফাইনালে নাম লেখালেন আর্জেন্টিনার নাদিয়া পদোরস্কা। আজ মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে তৃতীয় বাছাই ইউক্রেনের এলিনা সভিতোলিনাকে সরাসরি ৬-২, ৬-৪ গেমে হারিয়ে দেন তিনি। উন্মুক্ত যুগে প্রথম ‘অবাছাই’ হিসেবে ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে ওঠার কৃতিত্ব দেখালেন নারী এককে বিশ্বের ১৩১ নম্বর খেলোয়াড়টি।
পাওলা সুয়ারেজের (২০০৪) পর প্রথম আর্জেন্টাইন নারী হিসেবে প্যারিসে সেমিফাইনালে নাম লেখালেন পদোরস্কা। ইতিহাস গড়া এ খেলোয়াড়কে টুইট করে সবার আগে অভিনন্দন জানান রোলাঁ গারোঁয় পাঁচবারের সেমিফাইনালিস্ট ও ১৯৯০ সালের ইউএস ওপেন চ্যাম্পিয়ন গ্যাব্রিয়েলা সাবাতিনি।
ফেভারিট সভিতোলিনাকে হারাতে মাত্র ৭৯ মিনিট সময় লেগেছে ২৩ বছর বয়সী পদোরস্কার। ২০২০ সালে ৪৩ জয় নিয়ে দুর্দান্ত সময় পার করা এ খেলোয়াড় জয় শেষে বলেন, ‘ম্যাচ শেষে কথা বলা কঠিনই, আমার ইংরেজিও অতটা ভালো নয়। কিন্তু হ্যাঁ, আমাকে সমর্থন করায় আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমি অনেক অনেক খুশি। কোয়ারেন্টিনের সময় কোচের সঙ্গে খুব ভালো কাজ করেছি আমি, মনে হয় সেজন্যই আজ আমি এখানে।’
আজ শেষ ষোলোর শেষ ম্যাচে তিউনিসিয়ার ওনস জাবেউরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছেন যুক্তরাষ্ট্রের ড্যানিয়েল কলিন্স। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে তিনি ৬-৪, ৪-৬, ৬-৪ গেমের জয় পান।
আগামীকাল কোয়ার্টার ফাইনালে স্বদেশী সোফিয়া কেনিনের মুখোমুখি হবেন কলিন্স। বর্তমান অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন ও রোলাঁ গারোঁর চতুর্থ বাছাই কেনিনকে আগের তিনবারের দেখায় প্রতিবারই হারিয়েছেন তিনি।
সূত্র: বিবিসি










