তামিম ইকবাল ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাকিবকে অধিনায়ক রেখে ঘোষিত দলে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদও। তবে পুরোপুরি ফিট না হওয়ায় দলে রাখা হয়নি দেশসেরা ওপেনার তামিমকে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টায় ১৫ সদস্যের এ স্কোয়াড ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে উন্মোচন করা হয়েছে টাইগারদের বিশ্বকাপ জার্সি।
আগামী ৫ অক্টোবর ভারতের মাটিতে শুরু হচ্ছে বিশ্বক্রিকেটের মর্যাদাপূর্ণ এই আসর। বিশ্বকাপের জন্য দল ঘোষণার শেষ সময় আগামীকাল (বুধবার)। অন্য দেশগুলো আগেই তাদের দল ঘোষণা করে এরই মধ্যে তাতে কিছু পরিবর্তনও এনেছে। বিপরীতে শেষ মুহূর্তে এসে ঘোষণা করা হয়েছে সাকিব আল হাসানের দল।
বাংলাদেশের
বিশ্বকাপ দল
সাকিব আল হাসান
(অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত (সহঅধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, তৌহিদ হৃদয়,
মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল
ইসলাম, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব ও
মাহমুদউল্লাহ।










